আগামীকাল ময়মনসিংহ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান: জেনে নিন বিস্তারিত সময়সূচি

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল শনিবার (২৩ মে ২০২৬) ময়মনসিংহ জেলা সফরে যাচ্ছেন। দিনব্যাপী এই সফরে তিনি ত্রিশালে খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তীর জাতীয় অনুষ্ঠানের শুভ উদ্বোধন এবং ময়মনসিংহ জেলা ও মহানগর বিএনপির গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভায় যোগ দেবেন।

সফরের সময়সূচি ও খাল খনন উদ্বোধন

প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, শনিবার সকাল ৯টায় তিনি রাজধানী ঢাকা থেকে সড়কপথে ময়মনসিংহের ত্রিশালের উদ্দেশে রওনা হবেন। এরপর দুপুর ১২টায় ত্রিশালের বালর ইউনিয়নের ‘ধরার খাল’ পুনঃখনন অনুষ্ঠানে উপস্থিত থেকে এই উন্নয়নমূলক কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

নজরুল জন্মজয়ন্তীর জাতীয় অনুষ্ঠান উদ্বোধন

খাল খনন কর্মসূচি শেষে দুপুর ২টায় ত্রিশালের নজরুল ডাকবাংলোতে সাময়িক বিরতি নেবেন প্রধানমন্ত্রী। পরবর্তীতে বিকেল ৩টায় জাতীয় কবির ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে ত্রিশালের ঐতিহাসিক নজরুল মঞ্চে আয়োজিত জাতীয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন এবং তিন দিনব্যাপী বর্ণাঢ্য এই উৎসবের শুভ উদ্বোধন ঘোষণা করবেন।

বিএনপির সাংগঠনিক সভা ও ঢাকার উদ্দেশে রওনা

বিকেল ৫টায় ত্রিশালের নজরুল অডিটোরিয়ামে আয়োজিত ময়মনসিংহ উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপির এক বিশেষ সাংগঠনিক সভায় যোগদান করবেন দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে নেতাকর্মীদের দিকনির্দেশনা ও সাংগঠনিক বক্তব্য প্রদান শেষে সন্ধ্যা সাড়ে ৬টায় তিনি পুনরায় সড়কপথে ঢাকার উদ্দেশে ত্রিশাল ত্যাগ করবেন।

প্রধানমন্ত্রীর এই ভিভিআইপি সফরকে কেন্দ্র করে ত্রিশাল ও সমগ্র ময়মনসিংহে জেলা প্রশাসন ও অগ্রগামী নিরাপত্তা দলের (এসএসএফ) পক্ষ থেকে ইতিমধ্যেই ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *