সারোয়ার নেওয়াজ শামীম, হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে অভিযান চালিয়ে ৫৫ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা ও একটি পিকআপ ভ্যানসহ মোঃ রুবেল মিয়া (৩০) নামের এক মাদক কারবারিকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
গতকাল সোমবার (২১ সেপ্টেম্বর) শেষ রাতে (আনুমানিক রাত ৩:৫৫ মিনিটে) এসআরবি শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল এ সাফল্য অর্জন করে।
চেকপোস্ট বসিয়ে তল্লাশি ও আটক
এসআরবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছিল। এ সময় সিলেটগামী একটি সন্দেহভাজন পিকআপ থামানোর সংকেত দিলে চালকের আসনে থাকা ব্যক্তি গাড়ি থামিয়ে পালানোর চেষ্টা করে। পরে এসআরবি সদস্যরা ধাওয়া দিয়ে তাকে আটক করেন।
পরবর্তীতে আটক ব্যক্তির দেয়া তথ্যের ভিত্তিতে পিকআপে ব্যাপক তল্লাশি চালিয়ে ৫৫ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ ভ্যানটি জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক রুবেল মিয়া স্বীকার করে, সে দীর্ঘদিন যাবৎ সীমান্ত এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছে। আটক ব্যক্তি হবিগঞ্জ জেলার মাধবপুর থানার কৃষ্ণনগর গ্রামের মৃত মোঃ আব্দুল কাদেরের ছেলে।
আইনি ব্যবস্থা ও হস্তান্তর
অভিযানের বিষয়ে এসআরবির অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, মাদকমুক্ত সমাজ গঠন ও অপরাধ দমনে এসআরবির নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়েরপূর্বক জব্দকৃত আলামতসহ তাকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গ্রেফতারকৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে প্রেরণ করা হবে।
