শহীদ বুদ্ধিজীবী দিবসে ময়মনসিংহে আলোচনা সভা: ‘শোককে শক্তিতে পরিণত করতে হবে’
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ

ময়মনসিংহে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ ডিসেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “১৪ ডিসেম্বর বাঙালি জাতির জন্য একটি শোকাবহ দিন, একটি কলঙ্কিত অধ্যায়। একটি দেশকে মেধাশূন্য ও মেরুদণ্ডহীন করার জন্য সর্বোচ্চ মেধাবী সন্তানদের শহীদ করা হয়।”
তিনি আরও বলেন, “এ শোককে আমাদের শক্তিতে পরিণত করতে হবে। দেশের সূর্যসন্তানরা যে উদ্দেশ্যে তাঁদের আত্মত্যাগ করেছেন, সে উদ্দেশ্য আমাদের সম্পন্ন করতে হবে। এ দেশকে একটি দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন দেশ হিসেবে গড়ে তুলতে হবে। সেজন্য আমাদের সবার যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করতে হবে।”
এ সময় সভায় আরও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধাবৃন্দ, সরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ গণমাধ্যম কর্মীরা।
