বাংলাদেশ

রায়পুরায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: সার ডিলারসহ ৩ জনকে জরিমানা, সার জব্দ ও স্পট নিলাম

f X

​সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী জেলা প্রতিনিধি

নরসিংদীর রায়পুরায় সার ব্যবস্থাপনা ও বিক্রয় কার্যক্রম মনিটরিংয়ে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক সার ডিলারকে ৩০ হাজার টাকা এবং দুই দোকানিকে ৩ হাজার টাকা করে মোট ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ৫ হাজার ৬৩২ টাকা মূল্যমানের ২১০ কেজি সার জব্দ করে তা স্পট নিলামের মাধ্যমে স্থানীয়দের মাঝে ন্যায্য মূল্যে বিক্রি করা হয়।

​আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার লোচনপুরা ও জঙ্গি শিবপুর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

​অভিযান ও স্পট নিলাম

​ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মুস্তাফিজুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা ফিরুজ আলম ও হুমায়ুন কবিরসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। অভিযান পরিচালনায় আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা।

​বাজার মনিটরিংকালে দোকানে অসংগতি পাওয়ায় এক সার ডিলারকে ৩০ হাজার টাকা এবং দুই দোকানিকে ৩ হাজার টাকা করে মোট ৩৬ হাজার টাকা জরিমানা অনাদায়ে দণ্ড প্রদান করা হয়। একই সাথে জব্দকৃত ২১০ কেজি সার তাৎক্ষণিক স্পট নিলামের মাধ্যমে উন্মুক্তভাবে স্থানীয় কৃষকদের কাছে বিক্রি করে দেওয়া হয়।

​কর্মকর্তাদের বক্তব্য

​অভিযানের বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মো. মুস্তাফিজুর রহমান বলেন—

​”ফসলী উৎপাদনে সার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান এবং এতে কৃষি মন্ত্রণালয় সবসময় ভর্তুকি দিয়ে থাকে। সরকারি ভর্তুকিযুক্ত এই পণ্যে যাতে কোনো প্রকার অনিয়ম বা কৃত্রিম সংকট তৈরি হতে না পারে, সেজন্য আমাদের নিয়মিত তদারকি চলছে। কৃত্রিম সংকট রোধে এই অভিযান অব্যাহত থাকবে।”

​উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা জানান—

​”দেশের বিভিন্ন স্থানে সার নিয়ে নানা ধরনের জটিলতার খবর পাওয়া যাচ্ছে। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে আমরা স্থানীয় বাজারগুলোতে সারের ডিলার ও খুচরা দোকান নিয়মিত পরিদর্শন করছি। সঠিক তদারকির মাধ্যমে বাজার ব্যবস্থাপনা সুষ্ঠু রাখার লক্ষ্যে আজ এ বিশেষ অভিযান চালানো হয়েছে। জনস্বার্থে বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।”