ঘোড়াঘাটে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে পৌর বিএনপির বিক্ষোভ ও সমাবেশ
শাহ আলম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

দেশে পরিকল্পিত সন্ত্রাস ও নাশকতার মাধ্যমে অস্থিতিশীল পরিবেশ তৈরির অপচেষ্টার প্রতিবাদে দিনাজপুরের ঘোড়াঘাটে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল, সমাবেশ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ঘোড়াঘাট পৌর বিএনপি ও তার সকল অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
গতকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৫টায় ঘোড়াঘাট বাসস্ট্যান্ডস্থ পৌর বিএনপির দলীয় কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বিশাল মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ শেষে ঘোড়াঘাট আজাদ মোড়ে গিয়ে এক প্রতিবাদ সভায় মিলিত হয়।
প্রধান অতিথির বক্তব্য
প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, ঘোড়াঘাট পৌরসভার সাবেক মেয়র ও ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি আবদুস সাত্তার মিলন। তিনি তাঁর বক্তব্যে দেশের শান্তি ও স্থিতিশীলতা বিনষ্ট করার যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান এবং সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টিকারীদের রাজপথে প্রতিহত করার ঘোষণা দেন।
বিশেষ বক্তব্য ও অন্যান্য নেতৃবৃন্দ
সভায় বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঘোড়াঘাট পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেন।
উক্ত কর্মসূচিতে পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, জিয়া পরিষদসহ অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।








