সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী জেলা

নরসিংদীর রায়পুরা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষে মুস্তাকিম মিয়া (১৪) নামের এক স্কুলছাত্র গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ চরাঞ্চলে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
ঘটনার বিবরণ ও সংঘর্ষের সূত্রপাত
স্থানীয় সূত্র জানায়, সায়দাবাদ এলাকায় এরশাদ মিয়া এবং হানিফ মাস্টারের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সেই বিরোধের জের ধরে বুধবার সকালে এরশাদ মিয়ার অনুসারীরা দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে হানিফ মাস্টারের সমর্থকদের বাড়িতে হামলা চালায়। একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
যেভাবে প্রাণ গেল স্কুলছাত্রের
নিহত মুস্তাকিম সৌদি প্রবাসী মাসুদ রানার ছেলে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল। নিহতের মা শাহানা বেগম আহাজারি করে বলেন, “আমার ছেলে সকালে ঘরের আঙিনায় দাঁড়িয়ে ছিল। হঠাৎ গুলি এসে তার গায়ে লাগে। আমরা কোনো পক্ষের সঙ্গে জড়িত নই। যারা আমার ছেলেকে হত্যা করেছে, আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
অভিযোগ উঠেছে, সংঘর্ষ চলাকালে সাবেক ইউপি সদস্য ফিরোজ মিয়ার ভাতিজা মাসুম ওরফে চায়না গুলি ছুড়লে মুস্তাকিম ঘটনাস্থলেই প্রাণ হারায়।
আহতদের অবস্থা
সংঘর্ষে দুই পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক বিমল চন্দ্র ধর জানান, মুস্তাকিমকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তার শরীরের বাঁ পাশ দিয়ে গুলি শরীর ভেদ করে বেরিয়ে গেছে। আহতদের মধ্যে গুলিবিদ্ধ অবস্থায় রফিকুল ইসলাম (৩৭), সোহান (২৬) ও রোজিনা বেগমকে (৩৫) চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রশাসনের পদক্ষেপ
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ও সংঘর্ষকারীদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চলছে।”







