ময়মনসিংহ রেঞ্জের আগস্ট মাসের অপরাধ পর্যালোচনা সভা: শ্রেষ্ঠ জেলা ময়মনসিংহ, শ্রেষ্ঠ এসপি কামরুল হাসান

ময়মনসিংহ

রেজাউল করিম

ময়মনসিংহ রেঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, স্পর্শকাতর ও চাঞ্চল্যকর মামলার অগ্রগতি এবং অপরাধ প্রতিরোধের লক্ষ্যে আগস্ট/২০২৬ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সার্বিক কর্মমূল্যায়নে রেঞ্জের ‘শ্রেষ্ঠ জেলা’ হিসেবে ময়মনসিংহ এবং ‘শ্রেষ্ঠ পুলিশ সুপার’ হিসেবে ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান পুরস্কৃত হয়েছেন।

​গতকাল সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টা ৩০ মিনিটে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ের সম্মেলন কক্ষে রেঞ্জ ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান বিপিএম-সেবা-এর সভাপতিত্বে এ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

অপরাধ নিয়ন্ত্রণ ও পেশাদারিত্বের নির্দেশ

​সভার শুরুতে পূর্ববর্তী অপরাধ পর্যালোচনা সভায় গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়। পরবর্তীতে ময়মনসিংহের বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক উদ্ধার অভিযান, রেঞ্জের মূলতবি মামলা নিষ্পত্তি, গ্রেফতারি পরোয়ানা তামিল, স্পর্শকাতর মামলাসমূহের অগ্রগতি এবং গোয়েন্দা কার্যক্রম বিষয়ে বিস্তর আলোচনা করা হয়।

​সভাপতির বক্তব্যে রেঞ্জ ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে সর্বোচ্চ পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের জন্য কর্মকর্তাদের প্রতি নির্দেশ প্রদান করেন।

সার্বিক মূল্যায়নে পুরস্কার ও সম্মাননা প্রাপ্তগণ

​আগস্ট/২০২৬ মাসের সার্বিক কর্মমূল্যায়ন ও বস্তুনিষ্ঠ পরিসংখ্যানের ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে সফল কর্মকর্তাদের হাতে সম্মাননা তুলে দেন রেঞ্জ ডিআইজি। এতে রেঞ্জের মধ্যে ‘শ্রেষ্ঠ জেলা’ নির্বাচিত হয় ময়মনসিংহ।

​ময়মনসিংহ জেলা থেকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রাপ্তরা হলেন:

  • শ্রেষ্ঠ পুলিশ সুপার: মোঃ কামরুল হাসান (পুলিশ সুপার, ময়মনসিংহ)।
  • শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি): মোঃ শফিকুল ইসলাম (অফিসার ইনচার্জ, ধোবাউড়া থানা)।
  • শ্রেষ্ঠ এএসআই: এএসআই (নিরস্ত্র) শাহ আলম (ঈশ্বরগঞ্জ থানা)।

বিশেষ পুরস্কার প্রাপ্তগণ:

  • ​ক্লু-লেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন, জড়িত আসামি গ্রেফতার, ভিকটিমের মোবাইল উদ্ধার ও জবানবন্দি গ্রহণের জন্য বিশেষ পুরস্কার পান কোতোয়ালী মডেল থানার এসআই (নিরস্ত্র) মোঃ আসাদুজ্জামান
  • ​অপর একটি ক্লু-লেস হত্যা মামলার ঘটনায় আসামি গ্রেফতার ও স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণের জন্য বিশেষ পুরস্কার পান কোতোয়ালী মডেল থানার এসআই (নিরস্ত্র) আলী আকবর

​উক্ত অপরাধ পর্যালোচনা সভায় ময়মনসিংহ রেঞ্জ কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং রেঞ্জাধীন জেলাসমূহের পুলিশ সুপারবৃন্দ সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।