ময়মনসিংহ মহানগরীর গোলকীবাড়িতে জানাযার জায়গা পূনর্বহালের দাবিতে বিক্ষোভ সমাবেশ
স্টাফ রিপোর্টার।

ফাইল ছবি।
ময়মনসিংহ মহানগরীর ৫ নং ওয়ার্ডের গোলকীবাড়ী এলাকায় জানাযার নামাজের নির্ধারিত স্থান বহাল রাখার দাবিতে স্থানীয় এলাকাবাসী বিক্ষোভ সমাবেশ করেছে। গোলকীবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ফাঁকা স্থানে নগর ভবন কর্তৃক ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হলে এর প্রতিবাদে ক্ষোভের সৃষ্টি হয়।
শুক্রবার জুমার নামাজের পর এবং একই ধারাবাহিকতায় রবিবার দুপুরে যোহরের নামাজের পর এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সিটি কর্পোরেশনের হঠকারী সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানান স্থানীয়রা।
এলাকাবাসীর দাবি ও ধর্মীয় গুরুত্ব
গোলকীবাড়ী জামে মসজিদের সেক্রেটারি আলহাজ্জ গিয়াস উদ্দিন আহমেদ বলেন, এমন সিদ্ধান্তে এলাকাবাসী মর্মাহত ও বিক্ষুব্ধ। তিনি জানাযার নামাজকে মুসলমানদের জন্য ফরজে কিফায়া হিসেবে উল্লেখ করে এর মাধ্যমে মৃত ব্যক্তির জন্য দোয়া ও মাগফিরাত কামনা করার গুরুত্ব তুলে ধরেন।
এলাকাবাসীদের দাবি, বিগত কয়েক যুগ ধরে মসজিদ সংলগ্ন প্রাইমারী স্কুল মাঠের এই ফাঁকা স্থানটি গোলকীবাড়ী, কলেজ রোড, মোহাম্মদ আলী রোডসহ পার্শ্ববর্তী এলাকার মৃত ব্যক্তিদের জানাযার নামাজের নির্ধারিত স্থান হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।
- স্থানের গুরুত্ব: উক্ত এলাকাসমূহ ব্যাপক ঘনবসতিপূর্ণ হওয়ায় এই স্থান ব্যতীত আর কোনো ফাঁকা স্থান নেই।
- আবেদনের পরও সাড়া নেই: জায়গাটি বর্তমানে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নিয়ন্ত্রনাধীনে আছে। গত বছরের ১১ সেপ্টেম্বর গোলকীবাড়ী জামে মসজিদ কমিটির পক্ষ থেকে ১৬২ জন এলাকাবাসীর স্বাক্ষরিত একটি আবেদনপত্র প্রশাসক, ময়মনসিংহ সিটি কর্পোরেশন বরাবর দেওয়া হলেও আজ পর্যন্ত কোনো সদুত্তর পাওয়া যায়নি।
সিটি কর্পোরেশনের সিদ্ধান্তের প্রতিবাদ
বিভিন্ন সূত্রে জানা যায়, ময়মনসিংহ সিটি কর্পোরেশন কর্তৃক উক্ত স্থানটিতে একটি স্থাপনা নির্মাণের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। স্থানীয়রা এই কার্যক্রমকে ধর্মীয় অনুভূতির সাথে সংঘাতপূর্ণ ও জনস্বার্থ পরিপন্থী বলে আখ্যায়িত করেছেন।
জনবিরোধী ও ধর্মীয় ভাবধারায় আঘাত হানে এমন কার্যক্রমে এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। এমতাবস্থায় মুসল্লিরা এই প্রস্তাবিত সিদ্ধান্তের তীব্র প্রতিবাদে শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ করেছেন। এলাকাবাসীর প্রত্যাশা—উক্ত স্থানটি জানাযার স্থান ছিল এবং ভবিষ্যতেও থাকবে।
বিক্ষোভ সমাবেশে আঞ্জুমান ঈদগাহ মাঠের খতিব মুফতি আব্দুল্লাহ আল মামুন, এডভোকেট মোকাম্মেল হক শাহীন, মাওলানা আতিকুর রহমান, মুফতি জুনাঈদ আহমেদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
