ময়মনসিংহ

ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পর্যটন দিবস পালিত; নদীকেন্দ্রিক পর্যটন বিকাশের তাগিদ

f X

রাশিদ আহমেদ নিসর্গ , ময়মনসিংহ

“ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ময়মনসিংহে বিশ্ব পর্যটন দিবস-২০২৬ পালিত হয়েছে।

​আজ রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে বেলুন উড়িয়ে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান। উদ্বোধনের পর এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

​আলোচনা সভা ও আঞ্চলিক পর্যটন ভাবনা

​র‌্যালি শেষে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মোঃ গোলাম মাসুম প্রধান-এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।

​ময়মনসিংহের পর্যটন সম্ভাবনা তুলে ধরে উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বলেন—

​”ময়মনসিংহের পর্যটনের অন্যতম প্রধান চালিকাশক্তি ব্রহ্মপুত্র নদ। নদীর তীরবর্তী জয়নুল আবেদিন পার্ক, শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা ও সংলগ্ন এলাকাকে ঘিরে সমন্বিত পর্যটন অবকাঠামো গড়ে তোলার সুযোগ রয়েছে। ব্রহ্মপুত্রের অপর পাড়ে বাঁধ ও পার্ক নির্মাণের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান, স্টেডিয়াম ও আবাসিক এলাকা গড়ার পরিকল্পনা রয়েছে। এছাড়া হালুয়াঘাটের গাবরাখালী, মুক্তাগাছা ও গৌরীপুরের ঐতিহাসিক জমিদারবাড়িসহ জেলাজুড়ে প্রত্নতাত্ত্বিক স্থানগুলোকে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ নিতে হবে।”

​জেলা প্রশাসকের নির্দেশনামূলক বক্তব্য

​সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান ময়মনসিংহের পর্যটন খাতের টেকসই বিকাশে স্থানীয় প্রশাসন ও বেসরকারি খাতের যৌথ অংশগ্রহণের ওপর বিশেষ জোর দেন।

​তিনি বলেন—

​”ময়মনসিংহের ভৌগোলিক ও পারিপার্শ্বিক বাস্তবতাকে কাজে লাগিয়ে নদীভিত্তিক পর্যটন ব্যবস্থার উন্নয়ন করতে হবে। ব্রহ্মপুত্র নদের চরগুলোকে কেন্দ্র করে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিতপূর্বক পিকনিক, বিনোদন ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করা সম্ভব। জেলার হালুয়াঘাট, নান্দাইল, ধোবাউড়া ও ত্রিশালসহ বিভিন্ন উপজেলার পর্যটন সম্ভাবনা ও তা বাস্তবায়নে করণীয় নির্ধারণ করে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হবে।”

​অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।