উবার বাংলাদেশের নতুন কান্ট্রি হেড এসএম জামশেদ হাসান
নিজস্ব প্রতিবেদক

রাইডশেয়ারিং অ্যাপ উবারের বাংলাদেশের নতুন কান্ট্রি হেড হিসেবে নিয়োগ পেয়েছেন এসএম জামশেদ হাসান। নতুন এই দায়িত্বে তিনি দেশে উবারের সার্বিক ব্যবসা ও কার্যক্রম পরিচালনার পাশাপাশি রাইডশেয়ারিং ও নতুন ধরনের পরিবহনসেবা সম্প্রসারণে নেতৃত্ব দেবেন।
১৫ বছরের বহুমুখী অভিজ্ঞতা
ব্যবসা সম্প্রসারণ, বিক্রয়, কৌশলগত অংশীদারত্ব ও বাণিজ্যিক ব্যবস্থাপনায় এসএম জামশেদ হাসানের ১৫ বছরের বেশি সময়ের পেশাগত অভিজ্ঞতা রয়েছে। তিনি ফিনটেক, লজিস্টিকস ও বিমা খাতেও দায়িত্ব পালন করেছেন।
উবারে যোগ দেওয়ার আগে তিনি ‘ওয়েজলি বাংলাদেশ’-এর ভাইস প্রেসিডেন্ট অব বিজনেস অ্যান্ড গ্রোথ হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া এর আগে ডিএইচএল (DHL), ইউপিএস (UPS) ও মেটলাইফের (MetLife) মতো বৈশ্বিক প্রতিষ্ঠানের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তার।
উবার নেতৃত্ব ও নতুন পরিকল্পনা
জামশেদ হাসানকে স্বাগত জানিয়ে উবার ইন্ডিয়া ও দক্ষিণ এশিয়ার ইন্টারন্যাশনাল মার্কেটস বিভাগের প্রধান আকাঙ্ক্ষা সিং জানান, বাংলাদেশে উবারের ব্যবসা পরিচালনা ও নতুন ভ্যালু তৈরিতে জামশেদের বাণিজ্যিক কৌশল ও কাজের অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
নতুন দায়িত্ব গ্রহণ করে এসএম জামশেদ হাসান বলেন, “বাংলাদেশে উবার দেশের পরিবহন ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছে। গত ১০ বছরে যে ভিত্তি তৈরি হয়েছে, সেটিকে আরও সামনে এগিয়ে নিয়ে মানুষের যাতায়াতসংক্রান্ত চ্যালেঞ্জ সমাধানে কাজ করতে আমি উন্মুখ।”
বাংলাদেশে উবারের মাইলফলক
যাতায়াত সহজলভ্য করার লক্ষ্য নিয়ে ২০১৬ সালে বাংলাদেশে যাত্রা শুরু করে আন্তর্জাতিক এই রাইডশেয়ারিং প্ল্যাটফর্মটি। তথ্যমতে, ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশে উবার ৭২ লাখেরও বেশি যাত্রীকে সেবা প্রদান করেছে এবং সাড়ে ৩ লাখের বেশি চালক অংশীদারের কর্মসংস্থান সৃষ্টি করেছে।

