স্টাফ রিপোর্টার , ময়মনসিংহ

ময়মনসিংহ নগরীতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় ধারালো অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত ও ছিনতাইকারী চক্রের ৬ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানকালে আসামিদের সাথে ধস্তাধস্তিতে এক পুলিশ সদস্য আহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যা আনুমানিক ৭টা ১০ মিনিটে কোতোয়ালী মডেল থানাধীন গোহাইলকান্দিস্থ জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) অফিস সংলগ্ন নির্জন এলাকা থেকে তাঁদের হাতেনাতে আটক করা হয়।
অভিযান ও পুলিশ সদস্য আহত
পুলিশ সূত্রে জানা গেছে, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় এবং কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলামের দিক-নির্দেশনায় অভিযানটি পরিচালিত হয়।
কোতোয়ালী থানাধীন ২ নং পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক (ইন্সপেক্টর) সেলিম মিয়ার নেতৃত্বে এসআই কাইয়ূম, এএসআই আজহারুল ইসলামসহ সঙ্গীয় ফোর্সের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে গোহাইলকান্দি এলাকায় অভিযান চালায়।
নেপ অফিসের পেছনের নির্জন স্থানে একদল সশস্ত্র অপরাধী ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছে জানতে পেরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে আসামিরা পলায়নের চেষ্টা করে। এ সময় আসামিরা পুলিশের ওপর চড়াও হয়ে ধস্তাধস্তিতে লিপ্ত হলে এক পুলিশ সদস্য আহত হন। পরে পুলিশ কৌশলে চারপাশ থেকে ঘিরে ফেলে ৬ জনকে আটক করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামিরা ও অস্ত্র উদ্ধার
গ্রেফতারকৃতদের কাছ থেকে বিভিন্ন প্রকার মারাত্মক দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলো:
১. মোঃ সজিব মিয়া (২০), সাং- আজমতপুর (১টি সুইচ গিয়ার চাকুসহ আটক)
২. মোঃ আকাশ (২২), সাং- সানকিপাড়া (১টি ধারালো দা সহ আটক)
৩. মোঃ ইমন আহম্মেদ আবির (৩০), সাং- গোহাইলকান্দি (১টি চাকুসহ আটক)
৪. মোঃ শাহেদ (২১), সাং- গোহাইলকান্দি দরগা (১টি চাকুসহ আটক)
৫. মোঃ মোফাজ্জল (৩৫), সাং- চরগোবিন্দপুর (সহযোগী)
৬. মোঃ জাহাঙ্গীর (৪০), সাং- তিনকোণা পুকুরপাড় (সহযোগী)।
আইনি ব্যবস্থা
কোতোয়ালী মডেল থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম জানান, গ্রেফতারকৃতরা প্রত্যেকেই চিহ্নিত পেশাদার ছিনতাইকারী ও আন্তঃজেলা ডাকাত চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে ময়মনসিংহ নগরীর বিভিন্ন নির্জন পয়েন্টে সাধারণ পথচারীদের জিম্মি করে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই ও ডাকাতি সংঘটিত করে আসছিল।
এ ঘটনায় এসআই কাইয়ূম বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় দণ্ডবিধির ৩৯৯ ও ৪০২ ধারায় (ডাকাতির প্রস্তুতি ও সংঘবদ্ধ হওয়া) মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করাসহ পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।