মোস্তাফিজার রহমান (জাহাঙ্গীর), কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্স পরিচালনায় বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল কর্তৃক বাংলাদেশ কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ সমিতির (বিসিডিএস) সম্পৃক্ততা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে কুড়িগ্রামের ফুলবাড়ীতে র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১৮ নভেম্বর ২০২৬) সকাল ১০টায় বিসিডিএস ফুলবাড়ী উপজেলা শাখার আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
বক্তব্য ও দাবিসমূহ
মানববন্ধনে বক্তব্য রাখেন বিসিডিএস ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি ও স্বাস্থ্য অধিদপ্তরের রংপুর বিভাগের সাবেক পরিচালক আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা ডা. মো. শাহাদত হোসেন, উপজেলা শাখার কোষাধ্যক্ষ মো. রফিকুল ইসলাম এবং সদস্য রাজু আহাম্মেদসহ অনেকে।

বক্তারা ফার্মাসিস্ট ও ঔষধ ব্যবসায়ীদের বৃহত্তর স্বার্থে সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্স পরিচালনায় বিসিডিএসের সম্পৃক্ততা বাতিলের সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান। পাশাপাশি ঔষধ ব্যবসায়ীদের দায়িত্বশীলভাবে ঔষধ বিক্রি ও সংরক্ষণ এবং প্রতিটি প্রতিষ্ঠানের বৈধ লাইসেন্স নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
নেতৃবৃন্দ ও ব্যবসায়ীদের অংশগ্রহণ
কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিসিডিএস ফুলবাড়ী উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মো. সামছুল হক (পলাশ), সহ-সভাপতি মো. ইলিয়াছ হোসেন এবং সদস্য জাকারিয়াসহ উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় ঔষধ ব্যবসায়ীরা। শান্তিপূর্ণ র্যালি ও মানববন্ধন শেষে নেতৃবৃন্দ তাঁদের দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।