মোহাম্মদ উল্যা, নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। সভায় শিক্ষকদের পেশাগত মর্যাদা ও ন্যায্য অধিকার নিশ্চিত করা, শিক্ষাক্ষেত্রে বিদ্যমান বৈষম্য দূর করা এবং সমতা প্রতিষ্ঠায় শিক্ষাব্যবস্থা জাতীয়করণের জোরালো দাবি জানিয়েছেন শিক্ষক নেতৃবৃন্দ।
আজ সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টায় কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের যৌথ উদ্যোগে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিথিদের বক্তব্য ও আলোচনা
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাসুদুর রহমান-এর সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ বেলায়েত হোসেন-এর স্বাগত বক্তব্যে অনুষ্ঠানটি পরিচালিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, একটি উন্নত, মানবিক ও সুস্থ সমাজ বিনির্মাণে শিক্ষকদের অবদান অতুলনীয়। দল-মত নির্বিশেষে শিক্ষার্থীদের এমনভাবে গড়ে তুলতে হবে যাতে তারা ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখতে পারে।
বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী বসুরহাট পৌরসভা শাখার আমীর মাওলানা মোশারফ হোসাইন বলেন, শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা ও মানবিক মূল্যবোধ জাগিয়ে তোলার পাশাপাশি শিক্ষকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফ উল আলম ও সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার নিজাম উদ্দিন তাদের বক্তব্যে বিভিন্ন স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে বিদ্যমান বৈষম্য দূর করার ওপর গুরুত্বারোপ করেন।
শিক্ষকদের দাবি ও র্যালি
আলোচনা সভায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, অধ্যক্ষ ও শিক্ষক প্রতিনিধিরা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, শিক্ষাক্ষেত্রে বৈষম্য রেখে মানসম্মত শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব নয়। শিক্ষকদের মর্যাদা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে শিক্ষাব্যবস্থা জাতীয়করণের কোনো বিকল্প নেই। এ বিষয়ে সরকারের আশু হস্তক্ষেপ কামনা করেন তারা।
সভা শেষে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি কোম্পানীগঞ্জের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দিবসের অন্যান্য কর্মসূচির সমাপ্তি টানে।