বিজিবির চাপে ফুলবাড়ী সীমান্তে বিএসএফের সড়ক নির্মাণ বন্ধ

মোস্তাফিজার রহমান (জাহাঙ্গীর), কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার খলিশাকোঠাল সীমান্তে বিজিবির তীব্র আপত্তির মুখে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) নতুন সড়ক নির্মাণের কাজ আপাতত বন্ধ রাখতে বাধ্য হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) সকালে আন্তর্জাতিক সীমানা পিলারের কাছে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত পতাকা বৈঠকে বিএসএফ এই প্রতিশ্রুতি দেয়।

উত্তেজনার সূত্রপাত

সীমান্ত সূত্র জানায়, আন্তর্জাতিক মেইন পিলার ৯৩৪-এর অধীন খলিশাকোঠাল সীমান্তে ভারতের কোচবিহার জেলার করলা এলাকায় কুর্শাহাট-টু-দিনহাটা যাওয়ার পুরনো সড়কের পাশে নতুন করে চার লেনের সড়ক নির্মাণের উদ্যোগ নেয় বিএসএফ। সীমান্ত থেকে মাত্র ৫০-১২০ গজের মধ্যে এই নির্মাণ কাজ শুরু করায় আন্তর্জাতিক আইন লঙ্ঘনের দায়ে বিজিবি কড়া প্রতিবাদ জানায় এবং সীমান্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পতাকা বৈঠকের সিদ্ধান্ত

বৃহস্পতিবার রাত থেকেই বিএসএফ আলোচনার প্রস্তাব দিলেও বিজিবি দিনের বেলা বৈঠকের সিদ্ধান্ত নেয়। সেই অনুযায়ী, শুক্রবার সকাল ১১টা ১০ মিনিট থেকে ১১টা ২০ মিনিট পর্যন্ত ৯৩৪/১ পিলারের নিকট ১০ মিনিটের এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের শিমুলবাড়ী কোম্পানী কমান্ডার সুবেদার নরেশ চন্দ্র এবং ভারতের পক্ষে ছিলেন ৩ বিএসএফ ব্যাটালিয়নের মেঘ নারায়ণের কুঠি ক্যাম্পের ইন্সপেক্টর সুনীল কুমার। বৈঠকে সিদ্ধান্ত হয় যে, আগামী ১৩ জানুয়ারি ব্যাটালিয়ন পর্যায়ে বড় বৈঠকের আগে বিএসএফ সীমান্তে কোনো ধরণের নির্মাণ কাজ করবে না।

স্থানীয়দের সঙ্গে বিজিবির মতবিনিময়

সীমান্তের উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শুক্রবার বিকেলে বালারহাট বিওপিতে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় সভা করেন লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম। তিনি আগামী ১৩ জানুয়ারি পর্যন্ত সবাইকে বিজিবিকে সহযোগিতা করার আহ্বান জানান এবং সীমান্ত রক্ষায় বিজিবির কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন। সভায় স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বর্তমানে পরিস্থিতি শান্ত থাকলেও ১৩ জানুয়ারির বৈঠকের দিকে তাকিয়ে আছেন দুই দেশের সীমান্তবাসী।

দৈনিক জাহান

হাবিবুর রহমান শেখ

প্রতিষ্ঠাতা

দৈনিক জাহানের প্রতিষ্ঠাতা ও পত্রিকাটির দীর্ঘ সাংবাদিকতা-ঐতিহ্যের সূচনাকারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *