​ফুলবাড়ী ও ভুরুঙ্গামারী সীমান্তে ৪৭ কেজি ভারতীয় জিরা জব্দ করল বিজিবি

বাংলাদেশ

মোস্তাফিজার রহমান (জাহাঙ্গীর), কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ী ও ভুরুঙ্গামারী সীমান্ত এলাকায় পৃথক দুটি বিশেষ চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ৪৭ কেজি ভারতীয় জিরা ও একটি বাইসাইকেল জব্দ করেছে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)।

​আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পৃথক দুই স্থানে অভিযান ও পণ্য উদ্ধার

​বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে ২১ ও ২২ সেপ্টেম্বর পৃথক দুটি অভিযান পরিচালনা করে শিমুলবাড়ী ও শিংঝাড় বিওপির দুটি আভিযানিক দল।

​প্রথম অভিযানটি পরিচালিত হয় গত ২১ সেপ্টেম্বর দুপুর ১২টা ২০ মিনিটে শিমুলবাড়ী বিওপির আওতাধীন ফুলবাড়ী উপজেলার জুম্মারপাড় এলাকায়। এ সময় কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে আসতে দেখে বিজিবি সদস্যরা ধাওয়া করলে তারা সঙ্গে থাকা মালামাল ফেলে সীমান্ত পেরিয়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি সদস্যরা ঘটনাস্থল তল্লাশি করে ২০ কেজি ভারতীয় জিরা ও একটি বাইসাইকেল জব্দ করেন।

​দ্বিতীয় অভিযানটি পরিচালিত হয় ২২ সেপ্টেম্বর বিকেল ৫টা ৫৫ মিনিটে ভুরুঙ্গামারী উপজেলার শিংঝাড় বিওপির আওতাধীন আমবাড়ী সীমান্তে। সেখানেও বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মালামাল ফেলে ভারতের দিকে পালিয়ে যায়। পরে সেখান থেকে ২৭ কেজি ভারতীয় জিরা উদ্ধার করা হয়।

জব্দকৃত মালামালের মূল্য ও বিজিবির বক্তব্য

​বিজিবি সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত ৪৭ কেজি ভারতীয় জিরার আনুমানিক সিজার মূল্য ৪৭ হাজার টাকা এবং জব্দ করা বাইসাইকেলটির মূল্য ৫ হাজার টাকা। সর্বমোট জব্দকৃত মালামালের সিজার মূল্য ধরা হয়েছে ৫২ হাজার টাকা। এ ঘটনায় জড়িত চোরাচালান চক্রের সদস্যদের শনাক্ত করতে তথ্য সংগ্রহ এবং আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

​অভিযানের বিষয়ে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন—

​”দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ। চোরাচালান, মাদক পাচার এবং যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা পুশইনের চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে এবং আমাদের এই চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *