ফর্ম হারানো বাবরকে নিয়ে আকরাম: ‘ফর্ম সাময়িক, ক্লাস চিরস্থায়ী’

খেলা ডেস্ক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫, ২২: ৫৭

সময় খারাপ যাচ্ছে বাবর আজমের। কতটা খারাপ? যাকে ছাড়া একসময় পাকিস্তান দল কল্পনাই করা যেত না, তাঁর এখন দলে জায়গা হচ্ছে না। তাঁর ব্যাটিং নিয়ে অখ্যাত অনেকে উপদেশ দিয়ে যাচ্ছেন।

উত্তরসূরির এই দুঃসময়ে তাঁর পাশে দাঁড়িয়েছেন কিংবদন্তি পাকিস্তানি পেসার ওয়াসিম আকরাম। বাবরকে পথ দেখানোর চেষ্টা করছেন তিনি, দিয়েছেন কিছু পরামর্শ।

পাকিস্তানের জিও নিউজে ‘হাসনা মানা হ্যায়’ নামক এক অনুষ্ঠানে অতিথি হয়ে গিয়েছিলেন ওয়াসিম আকরাম। সেখানেই তিনি বাবর আজমের মানসিক অবস্থা ও তাঁর সামনে থাকা নানা চ্যালেঞ্জ নিয়ে কথা বলেন। আন্তর্জাতিক ক্রিকেটে শীর্ষ খেলোয়াড়দের ওপর কতটা চাপ থাকে, সে প্রসঙ্গে কথা বলতে গিয়ে আকরাম বাবরের প্রশংসার পাশাপাশি কিছু পরামর্শও দিয়েছেন।

ওয়াসিম আকরাম, সাবেক ক্রিকেটার

আকরাম বলেছেন, ‘বাবর আজম আমাদের সুপারস্টার। বিশ্ব ক্রিকেটের সেরা খেলোয়াড়দের মধ্যে সে একজন। আমি শুধু তাকে শান্ত থাকতে বলব, অপ্রয়োজনীয় সংবাদ সম্মেলন থেকে দূরে থাকতে বলব, আর মনে রাখতে বলব, “ফর্ম সাময়িক, কিন্তু ক্লাস চিরস্থায়ী”। চালিয়ে যাও, আবারও বিশ্বের সেরা ব্যাটসম্যানদের কাতারে ফিরবে তুমি।’

আকরাম কেন এমন কথা বলছেন, সেটা একটু খুলে বলা যাক। সর্বশেষ ২০২৩ এশিয়া কাপে নেপালের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন বাবর। এর পর থেকে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে আর তিন অঙ্কের দেখা পাননি। স্ট্রাইক রেট নিয়েও নানা প্রশ্ন ওঠায় গত বছর ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের পর তাঁকে টি-টোয়েন্টি দল থেকে বাদ দেওয়া হয়।

৫৯ বছর বয়সী এই কিংবদন্তির কাছে জানতে চাওয়া হয়েছিল—বাবর শুধুই ভালো ব্যাটসম্যান নাকি দলের জন্য ম্যাচ-উইনারও হতে পারবেন? উত্তরে আকরাম বলেছেন, ‘সে ইতিমধ্যেই দুর্দান্ত ব্যাটসম্যান। তবে এখনো তাঁর সেরাটা দেখা যায়নি। সামনে সে দলকে জেতাবে।’

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *