মোঃ মমিনুল ইসলাম মানিক, ময়মনসিংহ

পুলিশ হেডকোয়ার্টার্সসহ পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দাপ্তরিক সফরকালে আবাসন সংকট নিরসনে শেরপুর জেলায় একটি আধুনিক অফিসার্স মেস নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
আজ রবিবার (৮ নভেম্বর ২০২৬) ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান (বিপিএম-সেবা) শেরপুর সদর থানার পাশে প্রস্তাবিত এই অফিসার্স মেস নির্মাণের জন্য নির্ধারিত স্থান সরেজমিন পরিদর্শন করেছেন।
আবাসন সংকট নিরসনে নতুন উদ্যোগ
পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা বা অন্যান্য স্থান থেকে পুলিশ হেডকোয়ার্টার্সসহ পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা দাপ্তরিক কাজে শেরপুর জেলা সফরকালে তাদের বিশ্রামের কিংবা রাত্রিযাপনের জন্য জেলা পুলিশের নিজস্ব কোনো স্থায়ী ব্যবস্থা ছিল না। ফলে তাদের প্রধানত সার্কিট হাউজে অবস্থান করতে হতো, যেখানে মাঝে মাঝে রুম খালি না থাকায় নানামুখী সমস্যায় পড়তে হতো। এই সংকট স্থায়ীভাবে নিরসনে পুলিশ হেডকোয়ার্টার্স ও জেলা পুলিশের সার্বিক সহযোগিতায় শেরপুর জেলায় একটি আধুনিক অফিসার্স মেস নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি। উল্লেখ্য, ময়মনসিংহ রেঞ্জের অন্য তিনটি জেলায় ইতোমধ্যে অফিসার্স মেস থাকলেও শেরপুরে এতদিন এই সুবিধা ছিল না।

স্থান পরিদর্শন ও দ্রুত কাজ শুরুর নির্দেশনা
এই ধারাবাহিকতায় আজ রবিবার (৮ নভেম্বর ২০২৬) ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান শেরপুর সদর থানার পাশে প্রস্তাবিত অফিসার্স মেস নির্মাণের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেন। এ সময় শেরপুর জেলার পুলিশ সুপার এ, কে এম জহিরুল ইসলাম সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁর সাথে উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে ডিআইজি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্মাণকাজ দ্রুত শুরু করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। সংশ্লিষ্টরা আশা করছেন, অফিসার্স মেসটি নির্মিত হলে শেরপুর জেলায় সফররত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের আবাসন সুবিধা নিশ্চিত হওয়ার পাশাপাশি তাঁদের দাপ্তরিক কার্যক্রম আরও গতিশীল হবে।