প্ল্যান অনুমোদনের মধ্য দিয়ে ময়মনসিংহে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করল এমডিএ

​রশিদ আহমেদ নিসর্গ, ময়মনসিংহ

আনুষ্ঠানিকভাবে নকশা ও প্ল্যান অনুমোদনের মধ্য দিয়ে কার্যক্রমের নতুন যাত্রা শুরু করেছে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ (মউক)।

​আজ ৬ অক্টোবর দুপুরে নগরীর টাউন হলের গণপূর্ত ভবনে অবস্থিত ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয়ে সংস্থার বিল্ডিং কন্সট্রাকশন (বিসি) কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় ঐতিহাসিক ময়মনসিংহ জিলা স্কুলের মসজিদ ভবনের নকশাসহ মোট ১০টি প্ল্যান অনুমোদন দেওয়া হয়।

​ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় মসজিদ ভবনের অনুমোদন ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামোগত প্ল্যান অনুমোদন এবং নগরীর উন্নয়নমূলক বিভিন্ন বিষয়ে নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়।

​সভা শেষে সাংবাদিকদের এক প্রেস ব্রিফিংয়ে মউক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার সংস্থার সার্বিক কার্যক্রমের অগ্রগতি তুলে ধরে বলেন, নগরবাসীর দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ও পরিকল্পিত নগরায়ন নিশ্চিত করতে মউক কাজ শুরু করেছে। এ সময় তিনি একটি আধুনিক, সুন্দর ও বসবাসযোগ্য ময়মনসিংহ গড়ে তুলতে সংবাদকর্মীসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।