সর্বজনীন পেনশন ব্যবস্থা ভবিষ্যৎকে নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার

সর্বজনীন পেনশন ব্যবস্থাকে অবসরকালীন আর্থিক সুবিক্ষার পাশাপাশি ভবিষ্যৎ জীবন নিরাপদ করার একটি দীর্ঘমেয়াদি ও সুদূরপ্রসারী সামাজিক সুরক্ষা ব্যবস্থা হিসেবে অভিহিত করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, কর্মক্ষম থাকা অবস্থায় নিয়মিত অবদানের মাধ্যমে জীবনের পরবর্তী সময়ে এই ব্যবস্থার সুফল পাওয়া সম্ভব।

​আজ মঙ্গলবার (৬ অক্টোবর ২০২৬) সকালে ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের উদ্যোগে আয়োজিত ‘ময়মনসিংহ বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা-২০২৬’ উপলক্ষে মতবিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​অনুষ্ঠানে ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বিশেষ অতিথির বক্তব্য রাখেন।

​চারটি স্কিম ও ভবিষ্যৎ নিরাপত্তা

​প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, রাষ্ট্রীয়ভাবে প্রবাস, প্রগতি, সুরক্ষা ও সমতা—এই চারটি ভিন্ন স্কিমের মাধ্যমে সমাজের নানা শ্রেণি-পেশার মানুষ নিজেদের পাশাপাশি সন্তানদের ভবিষ্যৎও নিরাপদ করতে পারেন। বেসরকারি খাতে প্রাতিষ্ঠানিক সুযোগ সীমিত থাকায় সর্বজনীন পেনশন স্কিম দেশের সাধারণ মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি উল্লেখ করেন। এ সময় তিনি নিজের পরিবার ও সহকর্মীদেরও সরকারি পেনশন স্কিমে সম্পৃক্ত করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।

​অতিথিবৃন্দের বক্তব্য ও উপস্থিতি

​অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আজাদ জাহান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন অর্থ বিভাগের যুগ্মসচিব শরীফ মোহাম্মদ নজরুল ইসলাম এবং বাংলাদেশ ব্যাংক ময়মনসিংহ শাখার নির্বাহী পরিচালক আরিফুজ্জামান। অনুষ্ঠানে মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. মো. সুরাতুজ্জামান।

​অনুষ্ঠানে ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), বিভাগীয় ও জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ব্যাংক ও জাতীয় পেনশন স্কিমের প্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠনের নেতাকর্মী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

​র‍্যালি ও মেলা প্রাঙ্গণ

​মেলার শুরুতে বিভাগীয় কমিশনারের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউস মাঠে মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে পেনশন মেলার কার্যক্রম পরিচালিত হয়।