খালিয়াজুরীতে সাবেক এমপি সাজ্জাদুল হাসানসহ ১২১ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

​মোহাম্মদ হাবিবুল্লাহ, খালিয়াজুরী (নেত্রকোনা)

নেত্রকোণার খালিয়াজুরীতে বর্তমান সরকার পতন ও দেশে অস্থিতিশীলতা সৃষ্টির লক্ষ্যে মশাল মিছিল ও নাশকতার চেষ্টার অভিযোগে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে ১২১ জনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও স্থানীয় বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিদের আসামি করা হয়েছে।

গত বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) রাতে খালিয়াজুরী থানায় মামলাটি রেকর্ড করা হয় এবং এ পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

​প্রধান আসামি ও মামলার বিবরণ

​উক্ত মামলায় নেত্রকোণা-৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরী) আসনের সাবেক সংসদ সদস্য এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের সাবেক চেয়ারম্যান সাজ্জাদুল হাসানকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া স্থানীয় উপজেলা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ ১২১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।

​খালিয়াজুরী থানার সদর ইউনিয়নের খালিয়াজুরী গ্রামের মো. মুসলিম মিয়া বাদী হয়ে ১২ নভেম্বর রাত সাড়ে ১২টায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫-ঘ ধারায় মামলাটি দায়ের করেন।

​নাশকতার অভিযোগ ও মশাল মিছিল

​মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ৮ নভেম্বর রাত সাড়ে ১০টা থেকে ৯ নভেম্বর বিকাল সাড়ে চারটার মধ্যে আসামিরা পূর্বপরিকল্পিতভাবে সংঘবদ্ধ হয়ে কৃষ্ণপুর ইউনিয়নের কল্যাণপুর বাজারের বিএনপির অস্থায়ী কার্যালয়ের পাশে এবং মেন্দিপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের (বিরবিল্লিয়া) সাবেক চেয়ারম্যান মো. লোকমান হেকিমের বাড়ির সামনে পাকা রাস্তায় জমায়েত হন। এ সময় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ব্যানারে পৃথক দুটি মশাল মিছিল বের করে উসকানিমূলক স্লোগান দেওয়া হয়। এছাড়া সাধারণ মানুষের মনে আতঙ্ক সৃষ্টি, রাস্তা অবরোধ, যানবাহনে অগ্নিসংযোগ করে ক্ষতিসাধন এবং বড় ধরনের নাশকতার চেষ্টা চালানো হয়েছে বলে এজাহারে অভিযোগ করা হয়।

​অন্যান্য শীর্ষ আসামিগণ

​এজাহারে নাম থাকা অন্যান্য শীর্ষ আসামিদের মধ্যে রয়েছে—খালিয়াজুরী উপজেলা আওয়ামী লীগের সভাপতি অজিত বরণ সরকার, সাধারণ সম্পাদক মো. সাদেকুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান সুয়েব সিদ্দিক, সাবেক সাধারণ সম্পাদক ও চাকুয়া ইউনিয়ন চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সাবেক চেয়ারম্যান রহমত আলী, মেন্দিপুর ইউনিয়ন চেয়ারম্যান আবু হাকিম, সাবেক চেয়ারম্যান লোকমান হেকিম, খালিয়াজুরী সদর ইউনিয়ন চেয়ারম্যান আবু ইসহাক, সাবেক চেয়ারম্যান ছানোয়ারুজ্জামান জুসেফ, কৃষ্ণপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নাজিম উদ্দীন সরকার, আওয়ামী লীগ নেতা মো. এরশাদ মিয়া, মো. রেজাউল কবির ও সাংবাদিক শফিকুল ইসলামসহ অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

​গ্রেপ্তার ও আইনি পদক্ষেপ

​অভিযানের বিষয়ে খালিয়াজুরী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাসির মামলা রুজু ও আসামি গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাতে নিজ এলাকা থেকে এজাহারভুক্ত আসামি মহেন্দ্র তালুকদারের ছেলে সুবিনয় তালুকদার (৪৫) এবং নাজির হোসেনের ছেলে তানিম সরকারকে (২৩) গ্রেপ্তার করা হয়। এছাড়া অন্য একটি মারামারি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি রামচরণ সরকারের ছেলে গৌরাঙ্গ সরকারকে (৬০) একই রাতে গ্রেপ্তার করা হয়েছে।

​ওসি মো. নাসির উদ্দীন জানান, গ্রেপ্তারকৃত আসামিদের শুক্রবার সকালে যথাযথ পুলিশ পাহারায় নেত্রকোনা জেলা জজ আদালতে পাঠানো হয়েছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের নিয়মিত টহল জোরদার করা হয়েছে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Comment