নিয়ন্ত্রণহীন যানজটে স্থবির বসুরহাট বাজার, জনদুর্ভোগ চরমে

কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার বসুরহাট বাজার।ছবি ও সংবাদ:মোহাম্মদ উল্যা
মোহাম্মদ উল্যা
নোয়াখালি জেলা প্রতিনিধি :
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বাজারে তীব্র ও নিয়ন্ত্রণহীন যানজটে জনজীবন স্থবির হয়ে পড়েছে। সড়কের দুই পাশ হকারদের দখল, যত্রতত্র অটোরিকশা ও সিএনজির পার্কিং এবং ট্রাফিক ব্যবস্থা না থাকায় বাজারের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে দিনভর যানজট লেগে থাকছে, যার ফলে ব্যবসায়ী, শিক্ষার্থীসহ সাধারণ মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছেন।
সরেজমিনে দেখা যায়, বাজারের প্রধান সড়কগুলোর দুই পাশ হকারদের দখলে থাকায় রাস্তা সংকুচিত হয়ে পড়েছে। এর উপর দিনের বেলায় বালুবাহী ট্রাক ও বড় লরির মতো ভারী যানবাহন প্রবেশ করায় পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে। ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকায় শুধু সাধারণ মানুষই নন, অ্যাম্বুলেন্সে থাকা মুমূর্ষু রোগীরাও চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
ভুক্তভোগী একাধিক ব্যবসায়ী জানান, বাজারের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে কোনো ট্রাফিক পুলিশ না থাকায় অটোরিকশা ও সিএনজিগুলো দীর্ঘ সময় ধরে যাত্রী ওঠানো-নামানোর জন্য দাঁড়িয়ে থাকে, যা যানজটের প্রধান কারণ। এ বিষয়ে পৌর ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাঝে মাঝে হকার উচ্ছেদের মতো কিছু পদক্ষেপ নেওয়া হলেও তা দীর্ঘমেয়াদী কোনো সুফল বয়ে আনেনি।
স্থানীয় সচেতন মহলের দাবি, যানজট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা অতীব জরুরি। তাদের মতে, দিনের বেলায় ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ করে রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত মাল লোড-আনলোডের সময় নির্ধারণ করা, সড়কের দুই পাশ দখলমুক্ত করা এবং গুরুত্বপূর্ণ মোড়গুলোতে ট্রাফিক পুলিশ মোতায়েন করা হলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।
উল্লেখ্য, পূর্ববর্তী পৌর মেয়রের সময়ে গৃহীত বিভিন্ন পদক্ষেপে বাজারটি যানজটমুক্ত ছিল বলে জানান অনেক স্থানীয় বাসিন্দা। বর্তমান পরিস্থিতিতে পৌর ও উপজেলা প্রসাশনের পক্ষ থেকে দ্রুত একটি সুপরিকল্পিত পদক্ষেপ প্রত্যাশা করছেন বসুরহাটের সর্বস্তরের মানুষ।
