মনজুরুল হক, শেরপুর প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ১২ জন বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গতকাল মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) দিবাগত রাতে উপজেলার বুরুঙ্গা শয়তানের মোড় এলাকায় বারমারী ক্যাম্পের টহলদল বিশেষ অভিযান চালিয়ে তাঁদের আটক করে।
আটককৃতদের পরিচয়
আটক ব্যক্তিরা হলেন—রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা গ্রামের ইমদাদুল হক (২৯), দেবীনগর গ্রামের আক্তারুল হক (২০), শাগোয়ান ঘন্টি গ্রামের মিনারুন (১৯), মাদবপুর গ্রামের ইউসুফ (২১), দেয়ারমানিকচর গ্রামের শওকত আলী (৩৫), দেয়ারমানিকচর গ্রামের আব্দুল্লাহ (২৫), হাসান (২৫) ও রাতাহারি গ্রামের মেসবাউল (২০) এবং চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর গ্রামের শামিম (২৩), রসুলপুর গ্রামের আব্দুল করিম (২১), শিবগঞ্জ উপজেলার চরমোহনপুর নিচপাড়া গ্রামের আলামিন (২৪) ও বোর্ডপাড়া এলাকার রুবেল (৩০)।
আইনগত ব্যবস্থা ও বিজিবির বক্তব্য
বিজিবি জানায়, মঙ্গলবার রাতে আটক ব্যক্তিরা মানব পাচারকারীদের মাধ্যমে পাসপোর্ট ছাড়াই অবৈধ পথে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। এ সময় বিজিবির টহল দল তাঁদের আটক করে। পরে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ, ১৯৭৩ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আজ বুধবার সকালে তাঁদের নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজিদ প্রেস বিজ্ঞপ্তিতে জানান, শেরপুর জেলার সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, মানব পাচার, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন জানান, বিজিবি বাদী হয়ে মামলা দায়ের করার পর আজ দুপুরে আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।