শাহ আলম, ঘোড়াঘাট (দিনাজপুর)

দিনাজপুরের ঘোড়াঘাটে নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। আজ রবিবার (৮ নভেম্বর ২০২৬) উপজেলা প্রশাসন ও সমবায় অফিসের যৌথ উদ্যোগে এই দিবসটি উদযাপিত হয়। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল—‘করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ’।
পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য র্যালি
দিবসটি উপলক্ষে সকাল ১১টায় ঘোড়াঘাট উপজেলা চত্বরে জাতীয় পতাকা ও সমবায় সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পতাকা উত্তোলন শেষে উপজেলার বিভিন্ন সমবায় সংগঠনের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা হলরুমে গিয়ে শেষ হয়।
আলোচনা সভা ও অতিথিদের বক্তব্য
র্যালি শেষে উপজেলা হলরুমে ঘোড়াঘাট উপজেলা সমবায় অফিসার মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঘোড়াঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল আল মামুন কাওসার শেখ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন ঘোড়াঘাট সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম, উপজেলা কৃষি অফিসের সহকারী কর্মকর্তা নাসরিন সুলতানা, উপজেলা যুবদলের আহবায়ক জহুরুল ইসলাম, ঘোড়াঘাট থানার উপপরিদর্শক (এসআই) ওয়াজেদ উল্লাহ, উপজেলা ছাত্রদলের আহবায়ক ও কশিগাড়ী সমবায় সংগঠনের নেতা জোবায়ের আহমেদ সাদ্দাম, যুগ্ম আহবায়ক জনি খান, উপজেলা যুবদলের সিনিয়র সদস্য জাহাঙ্গীর আলম, ঘুঘড়া সমবায় সংগঠনের নেত্রী মহসিনা এবং বিভিন্ন সমবায় সংগঠনের নেতা শ্রী যতীশ চন্দ্র ও মুকুল প্রমুখ।
সম্মাননা স্মারক প্রদান ও সমাপনী
আলোচনা সভা শেষে ঘোড়াঘাট উপজেলার বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ৬টি সফল সমবায় সংগঠনের নেতৃবৃন্দকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে ঘোড়াঘাট উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন সমবায় সংগঠনের নেতৃবৃন্দ, ঘোড়াঘাট থানা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাহ আলমসহ স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।