তিস্তা মহাপরিকল্পনা দাবিতে হাজারো মানুষের মশাল প্রজ্বালন

তিস্তা রক্ষা আন্দোলনের উদ্যোগে মশাল প্রজ্বালন। বৃহস্পতিবার রাতে লালমনিরহাট সদরের তিস্তার চরে।
নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধি, রংপুর ও লালমনিরহাট।
আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিলের আগে নভেম্বর মাসের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করার দাবিতে রংপুরের গঙ্গাচড়ায় মশাল প্রজ্বালন করে বিক্ষোভ করেছেন হাজারো মানুষ।
আজ বৃহস্পতিবার রাতে তিস্তা নদী রক্ষা আন্দোলনের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। ‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ স্লোগানে এই বিক্ষোভে নেতৃত্ব দেন আন্দোলনের প্রধান সমন্বয়ক আসাদুল হাবিব দুলু।
কর্মসূচির বিস্তারিত
- স্থান: রংপুরের গঙ্গাচড়া উপজেলার মহিপুরে তিস্তা নদীর তীরবর্তী এলাকা। এছাড়া রংপুরসহ তিস্তা নদীবেষ্টিত ১০ উপজেলার ৩১টি স্থানে মশাল প্রজ্বালন কর্মসূচি পালন করা হয়।
- লালমনিরহাট: লালমনিরহাটে তিস্তা নদীতীরবর্তী চারটি পয়েন্টে মশাল প্রজ্বালন কর্মসূচি পালিত হয়েছে।
- দাবি: মশাল প্রজ্বালনের আগে আসাদুল হাবিব দুলু বলেন, চীন সরকার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে। অন্তর্বর্তী সরকার তাদের আমলে কাজ শুরু করার ঘোষণা দিলেও এখন কোনো উদ্যোগ লক্ষ্য করা যাচ্ছে না। তিনি নভেম্বরের মধ্যে কাজ শুরুর দাবি জানান।
হুঁশিয়ারি
কর্মসূচি থেকে সাত দিনের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরুর ঘোষণা দেওয়া না হলে রংপুর অঞ্চলের পাঁচ জেলা অচল করে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়।
এর আগে একই দাবিতে ৫ অক্টোবর রংপুর অঞ্চলের ৫ জেলায় বিক্ষোভ ও স্মারকলিপি দেওয়া হয় এবং ৯ অক্টোবর সব উপজেলায় বিক্ষোভ করা হয়েছিল।
