ঢাকায় ভুট্টায় আফলাটক্সিন বায়োকন্ট্রোল প্রযুক্তি সম্প্রসারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

​নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশের নির্বাচিত ভুট্টা উৎপাদনকারী এলাকায় আফলাটক্সিন বায়োকন্ট্রোল প্রযুক্তির মাঠ পর্যায়ের প্রয়োগ যাচাই ও সম্প্রসারণের লক্ষ্যে একটি সূচনা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ নভেম্বর ২০২৬) রাজধানীর তুলা উন্নয়ন বোর্ডের (সিডিবি) সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

​আয়োজন ও লক্ষ্য

​‘হানিং কর্ন সায়েন্স অ্যান্ড ইনোভেশন ফর ইমপ্রুভিং ফুড সিকিউরিটি ইন দ্য ইন্দো-প্যাসিফিক’ শীর্ষক বৈশ্বিক উদ্যোগের অংশ হিসেবে যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি), ময়মনসিংহ এবং সিিমমিট বাংলাদেশ। কর্মশালার মূল প্রতিপাদ্য ছিল—বাংলাদেশের নির্বাচিত ভুট্টা অঞ্চলে ফর্মুলেটেড আফলাটক্সিন বায়োকন্ট্রোল পণ্যের মাঠ পর্যায়ের প্রয়োগ যাচাই ও সম্প্রসারণ।

​সিিমমিট বাংলাদেশের রিসার্চ অ্যাসোসিয়েট মো. হারুন-অর-রশীদের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)-এর মহাপরিচালক ড. মো. মনজুরুল কাদির অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ইন্টারডিসিপ্লিনারি ইনস্টিটিউট ফর ফুড সিকিউরিটির পরিচালক অধ্যাপক ড. মো. গোলাম মর্তুজা অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে যোগ দেন।

​অতিথিদের উপস্থিতি ও আলোচনা

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের (বিডব্লিউএমআরআই) মহাপরিচালক ড. মো. মাহফুজ বাজ্জাজ এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (বিএফএসএ) সদস্য (খাদ্য শিল্প ও উৎপাদন) অধ্যাপক ড. মোহাম্মদ শোয়েব। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) উদ্ভিদ সংরক্ষণ উইংয়ের পরিচালক (চলতি দায়িত্ব) ড. মোহাম্মদ এনায়েত-ই-রাব্বী উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন।

​প্রধান অতিথির বক্তব্যে নিরাপদ খাদ্য ও পশুখাদ্য নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। বক্তারা দেশে ভুট্টা উৎপাদন বৃদ্ধির পাশাপাশি কার্যকর জৈব নিয়ন্ত্রণ ব্যবস্থা ও শক্তিশালী নীতি সহায়তার মাধ্যমে আফলাটক্সিন দূষণ রোধের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

​মূল প্রবন্ধ ও প্রযুক্তিগত সেশন

​কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাকৃবির অধ্যাপক ড. মো. রাশিদুল ইসলাম। তিনি আফলাটক্সিন দূষণ রোধে দেশীয় ‘অটক্সিজেনিক অ্যাসপারগিলাস ফ্লাভাস’ স্ট্রেইনের ব্যবহার ব্যাখ্যা করে জানান, এই অবিষাক্ত স্ট্রেইনগুলো মাঠ পর্যায়ে বিষ উৎপাদনকারী স্ট্রেইনগুলোকে দমন করে খাদ্য ও পশুখাদ্যের মান বাড়াতে সহায়তা করে।

​প্রযুক্তিগত সেশনে ঝুঁকি পূর্বাভাস মডেলিং, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) পরামর্শক ব্যবস্থা, মাঠ পর্যায়ে যাচাইকরণ, পণ্যের নিবন্ধন, বাণিজ্যিকীকরণ এবং বেসরকারি খাতের সম্পৃক্ততা নিয়ে আলোচনা করা হয়। বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বার্ক) সাবেক নির্বাহী চেয়ারম্যান ও সিিমমিট বাংলাদেশের সিনিয়র কনসালট্যান্ট ড. ওয়াইজ কবির প্রযুক্তিগত সেশনে সভাপতিত্ব করেন।

​উপস্থিতি ও সমাপনী আলোচনা

​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সার্ক এগ্রিকালচার সেন্টার (এসএসি)-এর পরিচালক ড. মো. গোলাম মাহবুব এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. আবু নোমান ফারুকসহ বিভিন্ন গবেষক, শিক্ষাবিদ, শিল্প প্রতিনিধি ও সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন। উন্মুক্ত আলোচনায় নীতিগত অনুমোদন, বাজার উন্নয়ন, কৃষকদের প্রণোদনা এবং বৃহৎ পরিসরে মাঠ প্রদর্শনী নিয়ে বিস্তারিত মতবিনিময় করা হয়।