মোঃ মমিনুল ইসলাম মানিক, ময়মনসিংহ

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার তারাটি ফকিরগঞ্জ বাজারে অবস্থিত গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিসংযোগ বা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে যে তথ্য প্রচার করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা ও গুজব।
আজ মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) বিষয়টি নিশ্চিত করেছে জেলা পুলিশ।
পুলিশ ও ব্যাংক কর্তৃপক্ষের বক্তব্য
মুক্তাগাছা থানা পুলিশ, স্থানীয় জনসাধারণ এবং সংশ্লিষ্ট গ্রামীণ ব্যাংক শাখার ব্যবস্থাপক মোহাম্মদ নূরে আলম সিদ্দিকীর সঙ্গে কথা বলে জানা গেছে, ব্যাংকটিতে এ ধরনের কোনো অগ্নিকাণ্ড বা অগ্নিসংযোগের ঘটনা ঘটেনি। এমনকি এর কোনো সত্যতা বা প্রমাণও পাওয়া যায়নি। সংশ্লিষ্টদের মতে, একটি স্বার্থান্বেষী মহল জনমনে আতঙ্ক ও বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই মিথ্যা তথ্য ছড়িয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশের বিশেষ বার্তা
এ বিষয়ে ময়মনসিংহ জেলা পুলিশ সর্বসাধারণকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে। পুলিশ জানায়, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং জননিরাপত্তা রক্ষায় গোয়েন্দা নজরদারিসহ প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত আছে।
জনস্বার্থে পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের এক বিশেষ বার্তায় বলা হয়েছে, কোনো ধরনের অপপ্রচার বা গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য সর্বসাধারণকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। একই সঙ্গে, সত্যতা যাচাই না করে সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ধরনের তথ্য, ছবি বা ভিডিও শেয়ার করা থেকে বিরত থাকার জন্যও আহ্বান জানানো হয়েছে।