গাজীপুর মহানগর পুলিশ কমিশনারের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো নাজমুল করিমকে

মো. নাজমুল করিম খানগাজীপুর মহানগর পুলিশের ফেসবুক পেজ থেকে নেওয়া

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫, ০০: ৩১ 

​গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কমিশনারের দায়িত্ব থেকে মো. নাজমুল করিম খানকে সরিয়ে দেওয়া হয়েছে। গতকাল সোমবার পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম স্বাক্ষরিত এক আদেশে তাঁকে দায়িত্ব হস্তান্তর করে আজ মঙ্গলবার ঢাকায় পুলিশ সদর দপ্তরে রিপোর্ট করতে বলা হয়েছে।

​আদেশে উল্লেখ করা হয়েছে, “গাজীপুরের পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার নিকট দায়িত্ব অর্পণ করে আগামী ২ সেপ্টেম্বর (মঙ্গলবার) আপনাকে পুলিশ সদর দপ্তর ঢাকায় রিপোর্ট করতে নির্দেশ দেওয়া হলো।”

​নাজমুল করিম খান গত বছরের ১১ নভেম্বর জিএমপি কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছিলেন এবং গত ১ মে তিনি বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হন।

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও অভিযোগ

​সাম্প্রতিক সময়ে গাজীপুর মহানগর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলে বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠছিল। পুলিশ সদর দপ্তরের একটি অভ্যন্তরীণ প্রতিবেদনেও এই পরিস্থিতির কথা উঠে এসেছে। ওই প্রতিবেদনে গাজীপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে ‘খুবই খারাপ’ বলে উল্লেখ করা হয়। এতে বলা হয়েছে, জিএমপিতে চুরি, ছিনতাই ও ডাকাতির মতো অপরাধ বেড়েছে। দিনের বেলায়ও এসব ঘটনা ঘটলেও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা নীরব ভূমিকা পালন করছেন। অভিযোগ রয়েছে, তাঁরা মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারীদের কাছ থেকে নিয়মিত মাসোহারা আদায় করেন।

​এছাড়া, জিএমপি কমিশনার নাজমুল করিম খানের যাতায়াতের সময় রাস্তা বন্ধ করে দেওয়ার বিষয়টিও এই প্রতিবেদনে উঠে আসে। তিনি প্রতিদিন ঢাকার গুলশানের বাসা থেকে গাজীপুরে যাওয়ার সময় টঙ্গীর কলেজগেট এলাকায় উড়ালসড়ককে একমুখী করে দেওয়া হতো। একইভাবে ঢাকায় ফেরার সময় ভোগড়া এলাকার উড়ালসড়ক একমুখী করে দেওয়া হতো, যার ফলে সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হতো।

​সাম্প্রতিক সময়ে প্রথম আলো পত্রিকায় গাজীপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়, যেখানে এসব বিষয় উঠে আসে। এর মধ্যে ২৩ আগস্ট ‘শিল্পের শহরে সন্ধ্যা হলেই আতঙ্ক, ১৯ জায়গা বেশি বিপজ্জনক’, ২৪ আগস্ট ‘পুলিশ কমিশনার থাকেন ঢাকায়, রাস্তা বন্ধ করে ঢোকেন গাজীপুরে’ এবং ২৫ আগস্ট ‘২২ বস্তিতে মাদকের আখড়া, ভাগ যায় পুলিশের পকেটেও’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছিল।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *