কোম্পানীগঞ্জে মাহে রমজানকে স্বাগত জানিয়ে জামায়াতের গণমিছিল

বাংলাদেশ

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী কোম্পানীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য স্বাগত মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সংযম ও আত্মশুদ্ধির আহ্বান

মিছিলে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন। তারা রমজানের তাৎপর্য তুলে ধরে তাকওয়া অর্জন, আত্মশুদ্ধি এবং সমাজে ন্যায় ও নীতির চর্চার আহ্বান জানান। এ সময় রমজানকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেওয়া হয় এবং পবিত্র এই মাসের পবিত্রতা রক্ষায় দিনের বেলায় পানাহার থেকে বিরত থাকার গুরুত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা হয়।

অসহায় মানুষের পাশে দাঁড়ানোর তাগিদ

সমাবেশে বক্তারা বলেন, “রমজান সংযম, সহমর্মিতা ও মানবকল্যাণের মাস। এই মাসে ইবাদতের পাশাপাশি অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে।” তারা রমজানের শিক্ষাকে ব্যক্তি ও সমাজ জীবনে বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

উপস্থিত নেতৃবৃন্দ

কর্মসূচিতে উপস্থিত ছিলেন নোয়াখালী-৫ আসনে জামায়াতের নেতা অধ্যক্ষ বেলায়েত হোসেন, বসুরহাট পৌরসভা জামায়াতের আমির মাওলানা মোশারফ হোসেন, সেক্রেটারি হেলাল উদ্দিনসহ উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সাধারণ মুসল্লিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *