কুড়িগ্রাম সীমান্তে ইয়াবা ও গাঁজা জব্দ, আটক ১

​মোস্তাফিজার রহমান (জাহাঙ্গীর), কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

কুড়িগ্রামের সীমান্তবর্তী এলাকায় লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর মাদকবিরোধী বিশেষ অভিযানে ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ একজনকে আটক করা হয়েছে। পৃথক আরও দুটি অভিযানে ১০.৫ কেজি গাঁজা ও ১১০ পিস ইয়াবা জব্দ করেছে বিজিবি। গতকাল শুক্রবার (২০ নভেম্বর ২০২৬) দুপুর থেকে রাত পর্যন্ত বাগভান্ডার, বালারহাট ও কাশিপুর বিওপির আওতাধীন এলাকায় তিনটি পৃথক অভিযান পরিচালনা করে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়।

​তিনটি পৃথক অভিযান ও জব্দের বিবরণ

​বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে গতকাল বিকেল ৩টা ৪৫ মিনিটে ভুরুঙ্গামারী উপজেলার খয়রার মোড়ে অভিযান চালিয়ে আব্দুল গফুর মিয়া (৩৮) নামের এক ব্যক্তিকে ২১ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।

​এ ছাড়া রাত ৮টা ৫০ মিনিটে ফুলবাড়ী উপজেলার পশ্চিম বালাটারী এলাকা থেকে ১০ কেজি ৫০০ গ্রাম ভারতীয় গাঁজা এবং রাত ১২টা ৪০ মিনিটে একই উপজেলার ধর্মপুর এলাকা থেকে ১১০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।

​সিজার মূল্য, হস্তান্তর ও বিজিবির বক্তব্য

​জব্দ করা মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ৭৭ হাজার ৪৫০ টাকা। আটক আব্দুল গফুর মিয়ার বিরুদ্ধে ভুরুঙ্গামারী থানায় মামলা দায়ের করে মাদকদ্রব্যসহ তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। চোরাচালান চক্রের অন্য সদস্যদের শনাক্তে তথ্য সংগ্রহ ও আইনগত প্রক্রিয়া চলছে।

​১৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি জানান, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদকপাচার ও চোরাচালান প্রতিরোধে বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ এবং এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Comment