আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিলেন কেন উইলিয়ামসন
নিউজিল্যান্ডের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক, মিচ স্যান্টনারের হাতেই দলের নেতৃত্ব

কেইন উলিয়ামসন।এএফপি
ক্রীড়া ডেস্ক
নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক কেইন উইলিয়ামসন আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ৩৫ বছর বয়সী অভিজ্ঞ এই ব্যাটসম্যান এমন সময়ে এই সিদ্ধান্ত নিলেন, যখন ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে বাকি আর চার মাসের কম।

টি-টোয়েন্টি ক্যারিয়ার
২০১১ সালে নিউজিল্যান্ডের হয়ে টি-টোয়েন্টিতে অভিষেক হয় উইলিয়ামসনের। এই সংস্করণে তিনি নিউজিল্যান্ডের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক।
- ম্যাচ সংখ্যা: ৯৩টি
- মোট রান: ২৫৭৫
- গড়: ৩৩
উইলিয়ামসন ৯৩টি ম্যাচে নিউজিল্যান্ডকে নেতৃত্বও দিয়েছেন। তাঁর নেতৃত্বেই দলটি ২০১৬ ও ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল এবং ২০২১ বিশ্বকাপে ফাইনালে খেলেছিল।

৯৩ ম্যাচে ৩৩ গড়ে উইলিয়ামসন রান করেছেন ২৫৭৫
এএফপি
অবসর নিয়ে নিউজিল্যান্ড ক্রিকেটের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে উইলিয়ামসন বলেছেন, “দীর্ঘদিন ধরে এই সংস্করণের অংশ হতে পেরে আমি কৃতজ্ঞ। (অবসর নেওয়ার) এখনই সঠিক সময়, নিজের ও দলের জন্য। এটি দলকে ভবিষ্যতের সিরিজ ও বিশ্বকাপের প্রস্তুতির জন্য একটা পরিষ্কার বার্তা দেবে।”
তিনি দলের ভবিষ্যৎ নিয়ে মন্তব্য করে বলেন:
“আমাদের দলে প্রচুর টি-টোয়েন্টি প্রতিভা রয়েছে। মিচ (স্যান্টনার) একজন দুর্দান্ত অধিনায়ক ও নেতা—এই দলে অধিনায়ক হিসেবে সে প্রতিষ্ঠিত হয়ে গেছে। এখন তাদের সময় ব্ল্যাকক্যাপসকে এই সংস্করণে সামনে এগিয়ে নেওয়ার, আর আমি দূর থেকে তাদের সমর্থন করব।”
উইলিয়ামসন ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর সাদা বলের নেতৃত্ব ছেড়ে দেন এবং এরপর থেকে এ সংস্করণে খেলছিলেন না। চোট, পারিবারিক দায়িত্ব ও ফ্র্যাঞ্চাইজি লিগের ব্যস্ততা মিলিয়ে তিনি এখন জাতীয় দলে অনেকটাই অনিয়মিত।
তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও ওয়ানডে ও টেস্ট ক্রিকেট এবং ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টিতে খেলা চালিয়ে যাবেন উইলিয়ামসন।
