রিনিউয়েবল এনার্জি ফেস্ট ২০২৬: নীতি, উদ্ভাবন ও প্রযুক্তির সমন্বয়ে শুরু হচ্ছে জাতীয় আয়োজন

নিজস্ব প্রতিবেদক

নীতি, বাজার এবং সাধারণ মানুষকে এক প্ল্যাটফর্মে এনে নবায়নযোগ্য জ্বালানি খাতের সম্ভাবনা প্রসারে শুরু হতে যাচ্ছে ‘রিনিউয়েবল এনার্জি ফেস্ট ২০২৬’। মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) আনুষ্ঠানিকভাবে এই উৎসবের উদ্ভাবন ও প্রযুক্তি মেলার উদ্বোধন করবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, এমপি।

​হিথিউম এনার্জি স্টোরেজ টেকনোলজি বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান জানান, জাতীয় ও আঞ্চলিক সমন্বয়ের মাধ্যমে বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক ও ন্যায্য জ্বালানি রূপান্তর ত্বরান্বিত করাই এই আয়োজনের অন্যতম লক্ষ্য।

​দেশি-বিদেশি অতিথিদের উপস্থিতি ও প্রদর্শনী

​উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের ফার্স্ট কাউন্সিলর ও গ্রিন ইকোনমি অ্যান্ড পাবলিক সেক্টর ইনভেস্টমেন্টসের সেকশন হেড টবিয়াস বিয়ারম্যান, বাংলাদেশস্থ অস্ট্রেলিয় হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি (ডেভেলপমেন্ট) জ্যাকব ডি লিওন এবং একশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ্‌ কবির প্রমুখ। উদ্বোধনী পর্বে ইউরোপীয় ইউনিয়ন, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও পাকিস্তানের প্রতিনিধিরাও অংশগ্রহণ করবেন।

​উদ্বোধনের পর অতিথিরা আয়োজনের বিভিন্ন হাব ও স্টল পরিদর্শন করবেন। দেশীয় উদ্ভাবক ও কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর নবায়নযোগ্য জ্বালানির আধুনিক প্রযুক্তি ও সেবা প্রদর্শনে ‘উদ্ভাবন মেলায়’ ২০টি এবং ‘প্রযুক্তি মেলায়’ ৯টি স্টল অংশ নিচ্ছে।

​ইনোভেশন-টু-ইমপ্যাক্ট মার্কেটপ্লেস ও নীতি সংলাপ

​বিনিয়োগকারী ও ব্যাংকের সামনে তরুণ উদ্যোক্তাদের ব্যবসায়িক মডেল তুলে ধরতে এতে থাকছে ‘ইনোভেশন-টু-ইমপ্যাক্ট মার্কেটপ্লেস’। এখান থেকে প্রতিশ্রুতিশীল উদ্ভাবনগুলো ‘সিড ফান্ডিং’ বা প্রাথমিক তহবিল সহায়তা পাবে। আয়োজনের অংশ হিসেবে ‘ইন্ডাস্ট্রিয়াল ডিকার্বনাইজেশনের’ ওপর একটি বিশেষ সংলাপের আয়োজন করবে অক্সফাম বাংলাদেশ।

​উৎসবের একাধিক সমান্তরাল ও প্লেনারি সেশনে ন্যায্য রূপান্তরের জন্য জ্বালানি নীতি ও সুশাসন, অর্থায়ন ও বিনিয়োগ, উদ্ভাবন ও প্রযুক্তি এবং সামাজিক-পরিবেশগত সুরক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিশেষজ্ঞরা আলোচনা করবেন।

​বিশেষ আকর্ষণ ‘ইয়ুথ অ্যান্ড পিপল হাব’ ও সমাপনী

​গতবছরের ধারাবাহিকতায় এবারও উৎসবের অন্যতম প্রধান আকর্ষণ ‘ইয়ুথ অ্যান্ড পিপল হাব’। নাগরিক, নীতিনির্ধারক ও বেসরকারি খাতের প্রতিনিধিদের মধ্যে নেটওয়ার্কিং, শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময়ে ভূমিকা রাখবে এই প্ল্যাটফর্মটি।

​আয়োজনের শেষদিনে উপস্থিত থাকবেন আইইইএফএ-এর লিড অ্যানালিস্ট শফিকুল আলম, স্রেডার পরিচালক প্রকৌশলী মো. মুজিবুর রহমান, চেঞ্জ ইনিশিয়েটিভের ব্যবস্থাপনা পরিচালক এম. জাকির হোসেন খান, ইউরোপীয় ইউনিয়নের প্রোগ্রাম ম্যানেজার তানজিনা দিলশাদ এবং বিইপিআরসি চেয়ারম্যান মো. সবুর হোসেন।

​সমাপনী দিনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ। এ সময় নবায়নযোগ্য জ্বালানি খাতে বিশেষ অবদানের জন্য পুরস্কৃত করা হবে তরুণ নেতৃত্ব ও উদ্ভাবকদের। পরিশেষে পুতুল নাচ ও বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে উৎসবের পর্দা নামবে।

​সহ-আয়োজকবৃন্দ

​বাংলাদেশ এনার্জি অ্যান্ড পাওয়ার রিসার্চ কাউন্সিল (বিইপিআরসি), বিআইআইএসএস, বিএসআরইএ, সি৩ইআর, গ্রিনারি এনার্জি সল্যুশন লিমিটেড, আইইইএফএ, অক্সফাম ইন বাংলাদেশ ও দ্য আর্থ সোসাইটি যৌথভাবে এই উৎসবের সহ-আয়োজক হিসেবে দায়িত্ব পালন করছে।