হাদি হত্যার বিচারের দাবিতে স্লোগানে উত্তাল শাহবাগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার বিচার ও খুনিদের গ্রেফতারের দাবিতে স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে উঠেছে রাজধানীর শাহবাগ মোড়। আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর থেকে শুরু হওয়া এই বিক্ষোভ কর্মসূচি সন্ধ্যা পেরিয়ে রাত অবধি অব্যাহত রয়েছে। বিক্ষুব্ধ ছাত্র-জনতার অবরোধের ফলে শাহবাগ ও এর আশপাশের এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।

স্লোগানে প্রকম্পিত রাজপথ

সরেজমিনে দেখা যায়, শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে শত শত শিক্ষার্থী ও সাধারণ মানুষ নানা প্রতিবাদী স্লোগান দিচ্ছেন। এ সময় তারা— ‘হাদি শহীদ কেন, আসিফ নজরুল জবাব দে’, ‘ইউনুস জবাব দে’, ‘দিল্লি না হাদি—হাদি হাদি’, ‘লীগ ধর, ধোলাই কর’ এবং ‘ডিএমপি জবাব দে’— এমন সব স্লোগানে বিচারহীনতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।

বিক্ষোভকারীদের বক্তব্য

টাঙ্গাইল থেকে ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে যোগ দিতে আসা আনোয়ার বলেন, “আমরা হাদি হত্যার বিচার চাই। খুনিদের গ্রেফতারে কোনো ধরনের কালক্ষেপণ মেনে নেওয়া হবে না। বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।”

সিরাজগঞ্জ থেকে আসা সাব্বির হোসেন হুশিয়ারি দিয়ে বলেন, “আগে হাদি ছিল একজন, এখন সারাদেশে লক্ষ লক্ষ হাদি তৈরি হয়েছে। আমাদের দাবি স্পষ্ট, হাদি হত্যার ন্যায়বিচার হতে হবে। শাহবাগ অবরোধ কর্মসূচি বিচার না হওয়া পর্যন্ত চলবে।”

বর্তমান পরিস্থিতি

শাহবাগে বড় ধরনের জমায়েত থাকায় আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন রয়েছে। বিক্ষোভকারীরা বলছেন, ওসমান হাদিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এবং এর নেপথ্যে থাকা কুশীলবদের মুখোশ উন্মোচন করতে হবে। রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ৯টা) শাহবাগে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি চলছিল।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *