মোহাম্মদ উল্যা, নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সেনবাগে পুলিশের বিশেষ অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সেনবাগ থানা পুলিশ।
গতকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) উপজেলার ৩ নম্বর ডুমুরুয়া ইউনিয়নের বাবুপুর শ্রীপুর এলাকায় এ মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান ও গ্রেপ্তারকৃতদের পরিচয়
পুলিশ সূত্রে জানা যায়, নোয়াখালী জেলা পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিনের দিকনির্দেশনায় এবং সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শাহজাহান কামালের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিরস্ত্র) সাইমা সুলতানা সঙ্গীয় ফোর্স নিয়ে বাবুপুর শ্রীপুর ইলিয়াছের মোড়ে অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবাসহ দুজনকে আটক করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন—ডুমুরুয়া ইউনিয়নের বাবুপুর শ্রীপুর গ্রামের আব্দুল ওহাবের ছেলে মো. মিলন (৩৪) এবং একই এলাকার আবু তাহেরের ছেলে মো. হোসেন ওরফে এমরান হোসেন (৪৩)।
মামলা ও পুলিশের অবস্থান
পুলিশ জানায়, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সেনবাগ থানা পুলিশ জানিয়েছে, সমাজ থেকে মাদকদ্রব্যের বিস্তার রোধে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ আরও জোরদার করা হবে।