সেনবাগে দুই অবৈধ ইটভাটায় প্রশাসনের অভিযান; ৫ লাখ টাকা জরিমানা
মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালীর সেনবাগ উপজেলার বীজবাগ এলাকায় কোনো প্রকার বৈধ কাগজপত্র ছাড়াই পরিচালিত দুটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে একটি ভাটায় ৫ লাখ টাকা জরিমানা করার পাশাপাশি ফায়ার সার্ভিসের মাধ্যমে পানি ছিটিয়ে উভয় ভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।
অভিযান ও জরিমানা
রবিবার (৪ জানুয়ারি) বিকেলে সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহসিয়া তাবাসসুমের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে উপজেলার বীজবাগ ইউনিয়নের ‘ফাতেমা ব্রিকস’ ও ‘ইমারত ব্রিকস’-কে আইন লঙ্ঘনের দায়ে শাস্তির আওতায় আনা হয়। এর মধ্যে ইমারত ব্রিকসকে নগদ ৫ লক্ষ টাকা জরিমানা করা হয়।
ভাটা গুঁড়িয়ে দেওয়ার নির্দেশ
ইউএনও মুহসিয়া তাবাসসুম জানান, ফাতেমা ও ইমারত ব্রিকস পরিবেশ অধিদপ্তরসহ প্রয়োজনীয় কোনো কাগজপত্র ছাড়াই অবৈধভাবে চলছিল। এর মধ্যে ফাতেমা ব্রিকসকে গত নভেম্বর মাসেও একবার বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু তারা আইন অমান্য করে পুনরায় কার্যক্রম শুরু করায় এবার ভাটার বেশ কিছু অংশ ভেঙে দেওয়া হয়েছে। একই সাথে তাদের বিরুদ্ধে পরিবেশ আইনে নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে।
ফায়ার সার্ভিসের তৎপরতা
অভিযান চলাকালীন ফায়ার সার্ভিসের একটি দল পানি ছিটিয়ে জলন্ত ভাটার আগুন নিভিয়ে দেয় এবং ইট পোড়ানোর কাজ সম্পূর্ণ বন্ধ করে দেয়। অভিযানে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা ছাড়াও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক পুলিশ সদস্য অংশ নেন।
প্রশাসন জানায়, জনস্বার্থে এবং পরিবেশ রক্ষায় সেনবাগ উপজেলায় এ ধরণের অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
