ধর্ষণের হুমকির প্রতিবাদ করায় নূরনবীকে নির্যাতন; টঙ্গীতে বিক্ষোভ
এস এম সাদিকুজ্জামান, বুটেক্স প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষণের হুমকির প্রতিবাদ করায় ‘বাংলাদেশ ইয়ুথ রেভ্যুলেশন’ ও ‘ধর্ষণ প্রতিরোধ মঞ্চ’-এর নেতা নুরনবিকে পৈশাচিক নির্যাতনের ঘটনা ঘটেছে। এই ঘটনার প্রতিবাদে এবং বিতর্কিত ‘ভিক্টর ক্লাসিক’ পরিবহনের দৌরাত্ম্য বন্ধের দাবিতে টঙ্গীতে বিশাল মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) বিকেল ৪টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী সফিউদ্দিন সরকার একাডেমীর সামনে এই কর্মসূচি পালন করা হয়।
ঘটনার বিবরণ
মানববন্ধনে বক্তারা জানান, গত ১ জানুয়ারি (বৃহস্পতিবার) টঙ্গী কলেজগেট এলাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর সাথে ভিক্টর ক্লাসিক বাসের ড্রাইভার ও হেলপারের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বাসের চালক ও শ্রমিকরা ওই শিক্ষার্থীকে ধর্ষণের হুমকি দেয়। বিষয়টি জানতে পেরে ‘বাংলাদেশ ইয়ুথ রেভ্যুলেশন’-এর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ওই ছাত্রীকে নিরাপদে উদ্ধার করেন।
তবে উদ্ধার কার্যক্রমের সময় সংগঠনের নেতা নুরনবী বাসের ভেতরে আটকা পড়লে চালক ও হেলপার মিলে লোহার রড দিয়ে তাঁকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে। বর্তমানে নুরনবী আশঙ্কাজনক অবস্থায় ঢাকা রেডক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বক্তাদের দাবি
মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ ইয়ুথ রেভ্যুলেশনের মুখ্য সংগঠক সবুজ উদ্দিন ইকবাল, মুখপাত্র সাকিবুল ইসলাম, আহ্বায়ক ফাহাদ ইসলাম ফুয়াদ, এনসিপি নেতা সাইফুল ইসলাম আকাশ প্রমুখ।
বক্তারা আল্টিমেটাম দিয়ে বলেন, “অনতিবিলম্বে ভিক্টর ক্লাসিক বাসের অভিযুক্ত ড্রাইভার ও হেলপারকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। সড়কে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হলে এবং দোষীদের শাস্তির ব্যবস্থা না করা হলে আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।”
বিক্ষোভ সমাবেশে বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধি ও সাধারণ মানুষ সংহতি প্রকাশ করে ভিক্টর ক্লাসিক পরিবহনের রুট পারমিট বাতিলের দাবি জানান।
