সেনবাগে আল জাহিদ ইসলামিয়া মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালীর সেনবাগে আধুনিক দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল জাহিদ ইসলামিয়া আলিম মাদ্রাসার উদ্যোগে শিক্ষার মানোন্নয়ন ও নবাগত শিক্ষার্থীদের ‘চবক’ (পাঠদান শুরু) অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) দুপুরে মাদ্রাসা প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে এই অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সম্মিলিত আয়োজন
আল জাহিদ ইসলামিয়া কমপ্লেক্সের অধীনে পরিচালিত আল জাহিদ ইসলামিয়া আলিম মাদ্রাসা, আল জাহিদ ইসলামিয়া বালিকা মাদ্রাসা এবং আল জাহিদ হিফজুল কুরআন মাদ্রাসার সমন্বয়ে এই বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয়। তিনটি প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো মাদ্রাসা প্রাঙ্গণ প্রাণবন্ত হয়ে ওঠে।
আলোচনা ও দিকনির্দেশনা
আল জাহিদ ইসলামিয়া আলিম মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ জাহিদুল ইসলাম মাছুমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনবাগ ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ জান্নাতুল ফেরদৌস।
বক্তারা তাঁদের বক্তব্যে প্রতিষ্ঠানের সার্বিক অগ্রগতি, নৈতিক শিক্ষা ও ইসলামী মূল্যবোধের গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, শিক্ষার্থীদের সুনাগরিক ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য। আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষার সমন্বয়ে এই প্রতিষ্ঠানটি এই অঞ্চলে শিক্ষার প্রসারে বিশেষ ভূমিকা রাখছে।
উপস্থিতিবৃন্দ
মাদ্রাসার সাংস্কৃতিক বিভাগের প্রধান বুরহান সাদীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আল জাহিদ ইসলামিয়া আলিম মাদ্রাসার সিনিয়র কো-অর্ডিনেটর মো. ইমাম হোসেন।
অনুষ্ঠান শেষে নবাগত শিক্ষার্থীদের দোয়া ও চবক প্রদানের মাধ্যমে পাঠদান কার্যক্রমের শুভ সূচনা করা হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
