সীমান্ত সংঘর্ষ: ৫৮ পাকিস্তানি সেনা হত্যার দাবি কাবুলের

সীমান্তে রাতভর সংঘর্ষের বিষয়ে সংবাদ সম্মেলনে কথা বলছেন আফগানিস্তানের তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদছবি: এএফপি।
আফগানিস্তান ও পাকিস্তান সীমান্তে গতকাল শনিবার রাতে দুই দেশের সেনাদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এই সংঘর্ষকে কেন্দ্র করে দুই দেশ পাল্টাপাল্টি হতাহত ও ঘাঁটি দখলের দাবি করেছে।
চলতি সপ্তাহের শুরুর দিকে কাবুলে পাকিস্তানের বিমান হামলাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছিল।
কাবুলের দাবি
আফগানিস্তানের তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদের বরাতে দেশটির সংবাদমাধ্যম টোলো নিউজ আজ রোববার জানিয়েছে:
- নিহত সেনা: আফগান অভিযানে ৫৮ পাকিস্তানি সেনা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৩০ জন।
- তালেবানের ক্ষতি: অভিযানে ২০ জনের বেশি তালেবান সেনা হতাহত হয়েছেন।
- অস্ত্র দখল: পাকিস্তানের বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র আফগান বাহিনীর হাতে এসেছে।
তালেবান কর্তৃপক্ষ আজ সকালে আরও জানায়, তারা কুনার ও হেলমান্দ প্রদেশের সীমান্তবর্তী পাকিস্তানের বিভিন্ন এলাকায় প্রতিশোধমূলক হামলা চালিয়ে তিনটি ফাঁড়ি দখল করেছে।
পাকিস্তানের দাবি
পাকিস্তানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম নিরাপত্তা সূত্রের বরাতে জানিয়েছে:
- ফাঁড়ি দখল: তাদের সেনারা ১৯টি আফগান সীমান্ত ফাঁড়ি দখল করেছেন।
- আফগান সেনার অবস্থা: এসব ফাঁড়িতে থাকা আফগান সেনারা হয় নিহত হয়েছেন, নয় পালিয়েছেন।
আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এনায়েতুল্লাহ খোয়ারিজমি বলেছেন, আফগানিস্তানের ভূখণ্ডে বারবার পাকিস্তানের সীমানা লঙ্ঘন ও বিমান হামলার জবাবে তালেবান ‘সফল প্রতিশোধমূলক অভিযান’ চালিয়েছে, যা মধ্যরাতে শেষ হয়েছে।
