জিম্মি মুক্তি পেলেই গাজার সুড়ঙ্গ ধ্বংস করবে ইসরায়েল

গাজা উপত্যকার গাজা সিটিতে ইসরায়েলি হামলায় বিধ্বস্ত একটি এলাকাছবি এএফপি ফাইল ছবি।
গাজা থেকে জিম্মিরা মুক্ত হওয়ার পরপরই সেখানকার ভূগর্ভস্থ সুড়ঙ্গ নেটওয়ার্কের অবশিষ্টাংশ গুঁড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের অনুমোদনে এই পদক্ষেপ নেওয়া হবে বলে ইসরায়েলি কর্তৃপক্ষ আজ রোববার জানিয়েছে।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেন, যুক্তরাষ্ট্রের নেতৃত্বে একটি ‘আন্তর্জাতিক’ তদারকিতে এই অভিযান চলবে।
সুড়ঙ্গ ধ্বংসের নির্দেশ
ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস গাজায় ভূগর্ভস্থ সুড়ঙ্গের একটি নেটওয়ার্ক পরিচালনা করে, যা ইসরায়েলের গোয়েন্দা নজরদারির বাইরে থেকে কাজ করতে এবং আকস্মিক হামলা চালাতে সাহায্য করে।
কাৎজ এক বিবৃতিতে বলেছেন:
”জিম্মিদের মুক্তি পাওয়ার ধাপটি শেষ হলে ইসরায়েলের জন্য বড় চ্যালেঞ্জটি হবে গাজায় হামাসের সব সুড়ঙ্গ ধ্বংস করা। এ অভিযান পরিচালনার জন্য প্রস্তুত থাকতে আমি সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছি।”
২০২৩ সালের ৭ অক্টোবর হামাস সীমান্ত পার হয়ে ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালানোর পর থেকেই ইসরায়েল গাজায় হামলা শুরু করে এবং ইতোমধ্যে বেশ কিছু সুড়ঙ্গ ধ্বংস করেছে।
