স্টাফ রিপোর্টার

দেশের প্রতিটি শিশুর ভেতরে লুকিয়ে থাকা সুপ্ত প্রতিভা বিকাশের জন্য পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, শিল্প-সংস্কৃতি, সংগীত ও সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণের পর্যাপ্ত সুযোগ তৈরির ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (৬ অক্টোবর) শিশু অধিকার দিবস-২০২৬ এবং বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এবারের শিশু দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত’।
খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার প্রসার
অনুষ্ঠানে শিশুদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, “শুধু পড়াশোনায় ভালো হলেই হবে না, খেলাধুলা, শিল্প, সংস্কৃতি ও সংগীতসহ বিভিন্ন ক্ষেত্রেও তোমাদের ভালো করতে হবে।” তিনি উল্লেখ করেন, বর্তমান সরকার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের অংশ হিসেবে দেশব্যাপী প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে ২২ লাখ শিশুর অংশগ্রহণে বিশাল ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে। এই ধারাবাহিকতা বজায় থাকলে ভবিষ্যতে দেশসেরা আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি হবে।
প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিশুদের সাংস্কৃতিক প্রতিভা বিকাশে ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতার সূচনা করেছিলেন উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, বর্তমান সরকার স্কুল পর্যায় থেকেই শিল্প, সংস্কৃতি, ক্রীড়া ও সংগীত চর্চার সুযোগ তৈরিতে কাজ করছে। ২০২৭ বা ২০২৮ সালের মধ্যে প্রত্যন্ত অঞ্চলের প্রতিটি শিশুর জন্য পছন্দমতো যেকোনো একটি বিষয়ে বিশেষ দক্ষতা অর্জনের সুযোগ নিশ্চিত করা হবে।
বিদেশি ভাষা শিক্ষা ও মানবিক গুণাবলি অর্জন
ভবিষ্যতের বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে শিক্ষার্থীদের বহুভাষিক দক্ষতা অর্জনের তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, মাতৃভাষা বাংলা ও ইংরেজির পাশাপাশি আরবি, ম্যান্ডারিন, জার্মান ও জাপানির মতো বিদেশি ভাষা শেখার সুযোগ তৈরি করা হবে, যা উচ্চশিক্ষা ও কর্মসংস্থানে বড় সহায়ক ভূমিকা রাখবে।
শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় নয়, শিশুদের সত্যিকারের মানবিক মানুষ হয়ে ওঠার আহ্বান জানিয়ে তিনি বলেন, “তোমাদের প্রকৃতির এবং পশুপাখির প্রতিও মানবিক হতে হবে।” একটি গাছকে নিজের সন্তানের মতো যত্ন করে বড় করা এবং যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা থেকে বিরত থাকার পাশাপাশি বড়দেরও এ বিষয়ে সচেতন করার পরামর্শ দেন প্রধানমন্ত্রী।
অন্যান্য কার্যক্রম
অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী পত্নী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান। আলোচনা পর্ব শেষে প্রধানমন্ত্রী শিশুদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন এবং শিশু শিল্পীদের সঙ্গে কুশল বিনিময় ও ফটোসেশনে অংশ নেন। পরে তিনি শিশু জাদুঘর ভবন পরিদর্শন এবং এর নিচতলায় সোলার প্যানেল ও সাব-স্টেশনের উদ্বোধন করেন।