বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক পদে পদোন্নতি পেলেন হাওরাঞ্চলের কৃতি সন্তান জ্যোতির্ময় সরকার
মোহাম্মদ হাবিবুল্লাহ, খালিয়াজুরী (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনা জেলার হাওরাঞ্চল খালিয়াজুরী উপজেলার কৃতি সন্তান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রাক্তন শিক্ষার্থী জ্যোতির্ময় সরকার বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক (ক্যাশ) পদে পদোন্নতি লাভ করেছেন।
গত ২৩ সেপ্টেম্বর (বুধবার) তিনি আনুষ্ঠানিকভাবে এ পদোন্নতি প্রাপ্ত হন। তাঁর এই মেধা ও কর্মদক্ষতার স্বীকৃতিতে খালিয়াজুরী উপজেলার মেন্দিপুর ইউনিয়নসহ সমগ্র হাওরাঞ্চলের মানুষের মাঝে ব্যাপক আনন্দের জোয়ার বইছে।
মেধাবী শিক্ষাজীবন ও কর্মক্ষেত্র
জ্যোতির্ময় সরকার ২০১৮ সালে ‘ক্যাশ অফিসার’ হিসেবে বাংলাদেশ ব্যাংকে তাঁর কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে সততা ও দক্ষতার স্বীকৃতিস্বরূপ ২০২১ সালে তিনি সহকারী পরিচালক (ক্যাশ) পদে উন্নীত হন। বর্তমানে তিনি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের কমন সার্ভিসেস ডিপার্টমেন্ট-১ এ কর্মরত আছেন।
তিনি খালিয়াজুরী উপজেলার মেন্দিপুর ইউনিয়নের বলরামপুর গ্রামের সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা বাবু জ্যোতিশ চন্দ্র সরকার এবং মাতা স্বরগীয়া মিনা রাণী সরকার।
তাঁর প্রাথমিক শিক্ষাজীবন শুরু হয় পার্শ্ববর্তী ইছাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, যেখানে তিনি পঞ্চম শ্রেণিতে মেধা তালিকায় বৃত্তি লাভ করেন। এরপর তিনি ময়মনসিংহ জিলা স্কুল থেকে কৃতিত্বের সাথে এসএসসি এবং ময়মনসিংহের শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
পেশাগত উৎকর্ষ সাধনে তিনি বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) থেকে ‘মাস্টার্স ইন ব্যাংক ম্যানেজমেন্ট’ (এমবিএম) ডিগ্রি অর্জন করেন এবং ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশ (আইবিবি)-এর অধীনে ব্যাংকিং ডিপ্লোমা (জেএআইবিবি ও এআইবিবি) সম্পন্ন করেন।
পারিবারিক পরিচয় ও স্থানীয়দের উল্লাস
ব্যক্তিগত জীবনে তাঁর সহধর্মিণী পূর্ণিমা কবিরাজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে বর্তমানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। এই দম্পতির একটি কন্যা সন্তান রয়েছে।
জ্যোতির্ময় সরকারের পদোন্নতির খবরে আনন্দ প্রকাশ করে খালিয়াজুরী প্রেসক্লাবের আহ্বায়ক মোহাম্মদ হাবিবুল্লাহ, মেন্দিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং স্থানীয় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ সন্তোষ প্রকাশ করেন। তাঁরা বলেন, হাওরাঞ্চলের এক প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসে তাঁর এই অর্জন পুরো উপজেলার জন্য এক বিশাল গৌরব ও অনুপ্রেরণা।
নিজের অনুভূতি প্রকাশ করে জ্যোতির্ময় সরকার বলেন—
”বাংলাদেশের প্রেক্ষাপটে ব্যাংকিং খাত অত্যন্ত সম্ভাবনাময় ও মর্যাদাপূর্ণ। অর্থনৈতিক অন্তর্ভুক্তি এবং দেশের সার্বিক উন্নয়নে এ পেশার ভূমিকা অপরিসীম। এই পেশার মাধ্যমে অর্জিত অভিজ্ঞতাকে দেশের জনকল্যাণে কাজে লাগাতে চাই।”




