ঘোড়াঘাটে ৪০০ বছরের ঐতিহাসিক দুর্গ ও সুজা মসজিদ পরিদর্শনে দুই মন্ত্রী; দ্রুত সংস্কারের আশ্বাস
শাহ আলম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ঘোড়াঘাটে অবস্থিত প্রায় ৪০০ বছরের প্রাচীন ঐতিহাসিক ‘ঘোড়াঘাট দুর্গ’ এবং মোঘল আমলের ঐতিহ্যবাহী ‘সুজা মসজিদ’ পরিদর্শন করেছেন সরকারের দুই মন্ত্রী।
আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১টার দিকে ঘোড়াঘাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে অবস্থিত প্রাচীন দুর্গ এলাকায় পৌঁছালে মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ড. এ জেড এম জাহিদ হোসেন এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ামকে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও নেতৃবৃন্দ শুভেচ্ছা জানান।
অভ্যর্থনা ও প্রত্নতাত্ত্বিক এলাকা পরিদর্শন
দুর্গ প্রাঙ্গণে মন্ত্রীদ্বয় পৌঁছালে দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, ঘোড়াঘাট পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি আবদুস সাত্তার মিলন এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ তাঁদের ফুলেল অভিনন্দন জানান।
এরপর অতিথিরা প্রাচীন মোঘল আমলে নির্মিত তদানীন্তন ঘোড়াঘাট শাসনকেন্দ্র ও ঐতিহাসিক ঘোড়াঘাট দুর্গ এলাকা ঘুরে দেখেন। পরবর্তীতে তাঁরা উপজেলা সদর থেকে ৩ কিলোমিটার পশ্চিমে ৪ নম্বর ইউনিয়নে অবস্থিত প্রায় ৪০০ বছরের পুরোনো ঐতিহাসিক সুজা মসজিদ পরিদর্শন করেন।
ঐতিহ্য সংরক্ষণে দ্রুত পদক্ষেপের আশ্বাস
পরিদর্শনকালে প্রত্নতাত্ত্বিক এই ঐতিহাসিক নিদর্শনগুলো সংরক্ষণের বিষয়ে সরকারের দৃঢ় প্রতিশ্রুতির কথা জানান দুই মন্ত্রী।
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ড. এ জেড এম জাহিদ হোসেন বলেন—
”সুজা মসজিদ ও ঘোড়াঘাট দুর্গ দ্রুত সংরক্ষণ ও প্রয়োজনীয় সংস্কারের ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় মানুষসহ দেশের নতুন প্রজন্ম যাতে এলাকার সঠিক ইতিহাস ও ঐতিহ্য জানতে পারে, সরকার সে পদক্ষেপ দ্রুত গ্রহণ করবে।”
সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম জানান—
”ঘোড়াঘাট দুর্গ ও সুজা মসজিদের প্রাচীন ঐতিহ্য রক্ষায় সরকারের পক্ষ থেকে দ্রুতই সংস্কার কাজ শুরু করা হবে।”
উপস্থিত ব্যক্তিবর্গ
পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলাম, জেলা পুলিশ সুপার মোঃ জিদান আল মুসা, ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবানা তানজিন, পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ, ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান, ঘোড়াঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাইদসহ স্থানীয় অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।





