ফুল শিক্ষাবৃত্তি-২০২৫ পরীক্ষার ফল প্রকাশ: ৬৬৪ জন শিক্ষার্থীর সাফল্য

মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

কুড়িগ্রামের মানবকল্যাণমূলক স্বেচ্ছাসেবী সংগঠন ‘ফাইট আনটিল লাইট’ (ফুল) আয়োজিত ২০২৫ সালের ফুল শিক্ষাবৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে এই ফল ঘোষণা করা হয়।

ফলাফলের পরিসংখ্যান ও বৃত্তির হার

চলতি বছরে কুড়িগ্রাম জেলার ৬টি উপজেলার মোট ১৩৬টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২১৪৯ জন শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে মোট ৬৬৪ জন শিক্ষার্থী চারটি ভিন্ন গ্রেডে বৃত্তি লাভ করেছে, যা মোট পরীক্ষার্থীর প্রায় ৩১ শতাংশ। ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শতভাগ শিক্ষার্থী বৃত্তি পাওয়ার গৌরব অর্জন করেছে।

বৃত্তির গ্রেডভিত্তিক ফলাফল:

  • ট্যালেন্টপুল: ১৪ জন
  • প্রথম গ্রেড: ৫২ জন
  • দ্বিতীয় গ্রেড: ২১৭ জন
  • সাধারণ গ্রেড: ৩৮১ জন

অনুষ্ঠানে বিশিষ্টজনদের উপস্থিতি

ফলাফল ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজকর্মী সুলতানা পারভীন, ফুলের নির্বাহী পরিচালক আব্দুল কাদের, সহকারী প্রকল্প পরিচালক রেজাউল করিম এবং মোজাহেদুল ইসলামসহ আরও অনেকে। এতে প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার প্রতিনিধিরাও অংশগ্রহণ করেন।

টানা চতুর্থবারের আয়োজন

ফুলের নির্বাহী পরিচালক আব্দুল কাদের জানান, জ্ঞানভিত্তিক আদর্শ সমাজ গঠন এবং কোমলমতি শিক্ষার্থীদের উৎসাহিত করতে টানা চতুর্থবারের মতো এই বৃত্তির আয়োজন করা হয়েছে। তিনি স্বাস্থ্য সুরক্ষা ও টেকসই শিক্ষা নিশ্চিত করতে জেলা প্রশাসন, শিক্ষক ও অভিভাবকদের সহযোগিতা কামনা করেন এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *