নালিতাবাড়ীর রসাইতলা মাদ্রাসা বন্ধের ষড়যন্ত্র

শেরপুর থেকে আলমগীর:
শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায় ‘রসাইতলা স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা’ নামে একটি প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার জন্য একটি মহল ষড়যন্ত্র করছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় প্রতিকার চেয়ে মাদ্রাসা পরিচালনা কমিটি ও জমিদাতাদের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগে বলা হয়, ১৯৭২ সালে প্রতিষ্ঠিত এই মাদ্রাসাটি এলাকার সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা দিয়ে আসছে। মাদ্রাসার প্রয়োজনীয় সকল কাগজপত্র হালনাগাদ রয়েছে এবং এমপিওভুক্তির প্রক্রিয়া চলমান। এমতাবস্থায়, রসাইতলা দাখিল মাদ্রাসার সাবেক সুপার মাওলানা ইসমাইল হোসেন ও তার সহযোগীরা মাদ্রাসাটি বন্ধ করার জন্য বিভিন্ন দপ্তরে বেনামে অভিযোগসহ নানাভাবে ষড়যন্ত্র করছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এলাকাবাসীর মতে, এই এবতেদায়ী মাদ্রাসাটি বন্ধ হয়ে গেলে এলাকার কোমলমতি শিশুদের পড়াশোনার জন্য অনেক দূরের প্রতিষ্ঠানে যেতে হবে, যা তাদের জন্য কষ্টকর হবে।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, মাওলানা ইসমাইল হোসেন পূর্বে রসাইতলা দাখিল মাদ্রাসার সুপার থাকাকালীন নিয়োগ বাণিজ্যসহ বিভিন্ন অনিয়মের সাথে জড়িত ছিলেন, যার ফলস্বরূপ দাখিল মাদ্রাসাটি বর্তমানে বন্ধ রয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত মাওলানা ইসমাইল হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি বলে জানা গেছে। মাদ্রাসা কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটি চালু রাখা এবং অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
