​তাহলে কি বিসিবি সভাপতি পদে তামিমের সঙ্গে লড়বেন আমিনুল?

আমিনুল ইসলাম।শামসুল হক

ক্রীড়া প্রতিবেদক, সিলেট থেকে

​’আমি একটা কুইক টি-টোয়েন্টি ইনিংস খেলতে এসেছি’— বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার সময় এমন মন্তব্য করেছিলেন আমিনুল ইসলাম। তখন তিনি এও বলেছিলেন যে, বোর্ডে লম্বা সময় থাকার কোনো পরিকল্পনা তাঁর নেই। তবে সম্প্রতি আমিনুলের এই ভাবনায় পরিবর্তন এসেছে। তিনি এখন বিসিবি সভাপতি পদে লড়তে আগ্রহী।

​গতকাল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে যে, অক্টোবরের প্রথম সপ্তাহে বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এই ঘোষণার পর বর্তমান সভাপতি আমিনুল ইসলাম একটি তিন সদস্যের নির্বাচন কমিশন গঠনের জন্য নাম সুপারিশ করবেন। এরপরই নির্বাচনের তোড়জোড় পুরোদমে শুরু হবে।

জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালও বিসিবির আগামী নির্বাচনে লড়বেন।

সভাপতি পদে কে আগ্রহী, তা নিয়ে দেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যে কৌতূহল ছিল। জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল আগেই জানিয়েছিলেন যে তিনি বিসিবির আগামী নির্বাচনে লড়বেন এবং পরিচালকদের সমর্থন পেলে সভাপতিও হতে পারেন।

​আজ সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমিনুল ইসলাম বলেন, “ইতিমধ্যেই বোর্ডের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, অক্টোবরের প্রথম সপ্তাহে আমরা নির্বাচন করব এবং প্রপার নির্বাচনই করব। এখানে সভাপতি নির্বাচন হয় না, পরিচালকদের নির্বাচন হয়। সেখানে থাকার চেষ্টা করব। পরবর্তীতে যদি সুযোগ হয়, আমি চেষ্টা করব যেভাবে হোক বাংলাদেশকে সার্ভ করার জন্য।”

​আমিনুলের এই মন্তব্যের পর এমনটাই ধারণা করা হচ্ছে যে, এবার বিসিবি সভাপতি পদে জাতীয় দলের দুই সাবেক অধিনায়কের মধ্যে লড়াই দেখা যেতে পারে।

​উল্লেখ্য, ক্লাব, বিভাগীয় ক্রীড়া সংস্থা ও জাতীয় ক্রীড়া পরিষদ মিলিয়ে মোট ২৫ জন পরিচালক বিসিবিতে নির্বাচিত হয়ে থাকেন এবং তাঁদের ভোটে সভাপতি নির্বাচিত হন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *