তারেক রহমানকে জিবিএ-র অভিনন্দন: প্রবাসীদের সম্পৃক্ত করার প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সরকার গঠনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় জনাব তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে গ্লোবাল বাংলাদেশী এলায়েন্স (জিবিএ)। ১৬ ফেব্রুয়ারি সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক প্রেস রিলিজে এই অভিনন্দন জানানো হয়।

জাতীয় উন্নয়নে প্রবাসীদের অংশীদারিত্বের আহ্বান

জিবিএ-র বিবৃতিতে বলা হয়েছে, বিশ্বের বিভিন্ন দেশে ২ কোটিরও বেশি প্রবাসী বাংলাদেশি দেশের অন্যতম কৌশলগত সম্পদ। নতুন সরকার গঠনের এই মাহেন্দ্রক্ষণে জাতীয় উন্নয়নে প্রবাসীদের প্রাতিষ্ঠানিক অংশগ্রহণের ওপর জোর দিয়েছে সংগঠনটি। জিবিএ বিশ্বাস করে, তারেক রহমানের নেতৃত্বে একটি দূরদর্শী ও গণতান্ত্রিক সরকার অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং মেধাভিত্তিক ব্যবস্থা গড়ে তুলবে।

জিবিএ-র ৪ দফা প্রস্তাবনা

নতুন সরকারের কাছে জিবিএ নীতিনির্ধারণী পর্যায়ে প্রবাসীদের সম্পৃক্ত করতে চারটি গুরুত্বপূর্ণ প্রস্তাবনা পেশ করেছে: ১. টেকনোক্র্যাট নিয়োগ: অভিজ্ঞ প্রবাসী পেশাজীবীদের টেকনোক্র্যাট মন্ত্রী বা সিনিয়র উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া। ২. নীতিনির্ধারণী সংস্থায় প্রতিনিধিত্ব: সংসদের উচ্চ কক্ষ বা জাতীয় নীতিনির্ধারণী প্রতিষ্ঠানে প্রবাসী বিশেষজ্ঞদের অন্তর্ভুক্তি। ৩. অগ্রাধিকার খাতে সম্পৃক্ততা: শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে এনআরবি পেশাজীবীদের অভিজ্ঞতা কাজে লাগানো। ৪. ভোটার নিবন্ধন: বিদেশে বসবাসরত বাংলাদেশিদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তি নিশ্চিত করা।

সবার আগে বাংলাদেশ: ঐক্যের ডাক

জিবিএ চেয়ার মিজান চৌধুরী এবং এক্সিকিউটিভ ডিরেক্টর ড. গোলাম রব্বানী (নয়ন) অনুমোদিত এই বিবৃতিতে জানানো হয়, এনআরবি কমিউনিটি নতুন সরকারের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করতে প্রস্তুত। “সবার আগে বাংলাদেশ”—এই যৌথ দৃষ্টিভঙ্গিকে ধারণ করে দেশ ও প্রবাসের সম্পর্ক আরও গভীর করার প্রত্যয় ব্যক্ত করেছে সংগঠনটি।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *