জুলাই সনদে সই করবে না করা দলগুলো: সালাহউদ্দিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা।

জুলাই জাতীয় সনদে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সহ কয়েকটি বাম দলের স্বাক্ষর না করা প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, এই দলগুলোর জন্য সামনে স্বাক্ষর করার সুযোগ আছে। তিনি আশা প্রকাশ করে বলেন, এতে আগামী নির্বাচনে কোনো প্রভাব পড়বে না।

​আজ শনিবার সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি এ কথা বলেন।

অনুপস্থিতি প্রসঙ্গে

​সালাহউদ্দিন আহমদ বলেন, “আমার জানামতে, এনসিপি এবং তিন বা চারটি বাম দল স্বাক্ষর অনুষ্ঠানে যেতে পারেনি। আমি বলব না যে স্বাক্ষর করেনি। স্বাক্ষর করার সুযোগ আছে। আশা করি ভবিষ্যতে তারা স্বাক্ষর করবে। তাতে করে আগামী নির্বাচনে বড় কোনো প্রভাব পড়বে না।”

​তিনি বিশ্বাস করেন যে দলগুলোর হয়তো কিছু দাবিদাওয়া আছে, যা তারা সরকারের সঙ্গে আলোচনা করবে এবং একপর্যায়ে স্বাক্ষর করবে।

জুলাই যোদ্ধাদের সংঘর্ষ

​গতকাল জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আগে ‘জুলাই যোদ্ধাদের’ সঙ্গে পুলিশের সংঘর্ষ প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, ঐকমত্য কমিশন তাদের দাবি অনুযায়ী সনদ সংশোধন করেছে, এরপরও অসন্তোষ থাকার কথা নয়।

​তিনি আরও বলেন, “যেসব বিশৃঙ্খলতা হয়েছে, আমরা খোঁজ নিয়েছি এটা তদন্তাধীন আছে… দেখা গেছে, এখানে জুলাই যোদ্ধাদের নামে কিছুসংখ্যক ছাত্র নামধারী উচ্ছৃঙ্খল লোক ঢুকেছে। সেটা ফ্যাসিস্ট সরকারের ফ্যাসিস্ট বাহিনী বলে মনে করি।”

​উল্লেখ্য, নানা অনিশ্চয়তা সত্ত্বেও গতকাল শুক্রবার বিএনপি, জামায়াতে ইসলামীসহ ২৪টি রাজনৈতিক দল ও জোট এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরা এই সনদে সই করেছেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *