জুলাই সনদের আমন্ত্রণ পেয়ে উচ্ছ্বসিত খালেদা জিয়া

হাসপাতালে গিয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার হাতে ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ স্বাক্ষর অনুষ্ঠানের আমন্ত্রণপত্র তুলে দেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। আজ বৃহস্পতিবার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালেছবি: বিএনপির সৌজন্যে।
বিশেষ প্রতিনিধি, ঢাকা।
জুলাই জাতীয় সনদ ২০২৫’ স্বাক্ষর অনুষ্ঠানের আমন্ত্রণ পেয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ‘অত্যন্ত আনন্দিত ও উচ্ছ্বসিত’ হয়েছেন। জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার আজ বৃহস্পতিবার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার হাতে আমন্ত্রণপত্র পৌঁছে দেন।
খালেদা জিয়ার প্রতিক্রিয়া
পরে বদিউল আলম মজুমদার সাংবাদিকদের বলেন:
- খালেদা জিয়া সনদ স্বাক্ষরের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
- তিনি মনে করেন, এটি বাংলাদেশের জন্য একটি নতুন মাইলফলক এবং একটি সুন্দর ভবিষ্যৎ সৃষ্টি করার ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার জানান, খালেদা জিয়া বলেছেন, “আমার শরীর ভালো থাকলে আমি অবশ্যই সেখানে সশরীরে যেতাম। কারণ, এ রকম একটা ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণে উপস্থিত হতে পারাটা সৌভাগ্যের ব্যাপার।” তিনি এই সংস্কার প্রচেষ্টার সঙ্গে সর্বাত্মকভাবে সমর্থন প্রকাশ করেছেন।
এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্যও আলাদা আমন্ত্রণপত্র তাঁর একান্ত সচিবের কাছে হস্তান্তর করা হয়।
কোনো রাজনৈতিক দল সনদ স্বাক্ষর অনুষ্ঠানে না গেলে আয়োজন প্রশ্নবিদ্ধ হবে কি না—এমন প্রশ্নের জবাবে মনির হায়দার বলেন, তাঁরা আশা করেন এবং বিশ্বাস করেন যে সংশ্লিষ্ট সব রাজনৈতিক দলের প্রতিনিধিরা এই ঐতিহাসিক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এবং স্বাক্ষর করবেন।
