মোঃ মমিনুল ইসলাম মানিক, ময়মনসিংহ

ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা জামালপুর জেলা পুলিশের রিজার্ভ অফিসের বার্ষিক পরিদর্শন করেছেন। আজ শনিবার (২৮ নভেম্বর ২০২৬) পরিদর্শনকালে তিনি পুলিশ কন্টিনজেন্ট, পতাকাবাহী দল ও বাদক দলের মাস্টার প্যারেডে অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন। এ সময় সদস্যদের শৃঙ্খলা, শারীরিক সক্ষমতা, পোশাক-পরিচ্ছদ ও প্যারেড দক্ষতা মূল্যায়ন করে চৌকস পুলিশ সদস্যদের পুরস্কৃত করেন ডিআইজি।
দপ্তর পরিদর্শন ও ম্যুরাল উদ্বোধন
পরিদর্শনের অংশ হিসেবে ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান জামালপুর জেলা পুলিশের রিজার্ভ অফিস, ডিপার্টমেন্টাল স্টোর, ক্লোথিং স্টোর, রেশন স্টোর, পুলিশ হাসপাতাল ও মোটরযান শাখাসহ বিভিন্ন দাপ্তরিক কার্যক্রম ও নথিপত্র পর্যবেক্ষণ করেন।
কার্যক্রমের মানোন্নয়ন ও শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন তিনি। পরে পুলিশ লাইন্সে নবনির্মিত একটি ম্যুরাল উদ্বোধন করেন ডিআইজি।

কল্যাণ সভা ও দিকনির্দেশনা
ম্যুরাল উদ্বোধনের পর পুলিশ লাইন্সের মাল্টিপারপাস ড্রিলশেডে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান। থানায় কর্মরত পুলিশ সদস্যদের আবাসন, চিকিৎসাসুবিধা ও জনবলসংকটের কথা শুনে সমাধানে উদ্যোগের আশ্বাস দেন তিনি।
পেশাগত দক্ষতা, শৃঙ্খলা, সততা ও মানবিক মূল্যবোধ নিয়ে জনসেবায় দায়িত্ব পালনের নির্দেশ দেন ডিআইজি। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মোঃ ইয়াহিয়া আল মামুনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।