বিদায় বেলা

আলেয়া মান্নান

​জ্বলে গেলো অঙ্গ আমার, পুড়ে গেলো মন।

বল না রে কোথায় গেলো, আমার আপনজন।

সকালে গিয়ে বললো সে, “ওরে বিদায় নিলাম।”

কান্নাটা গোপন রেখেও, মুচকি হেসে বিদায় দিলাম।

​বিদায়ের বেলা ভাঙলো আমার, হৃদয়ের সব হাড়।

তীব্র ব্যথায় জীবন আমার, পুড়ে হলো ছারখার।

বৃন্দাবনের পথে ঘাটে, তার ছবিটি আঁকা আছে।

যে দিকে চাই তারে দেখি, পাই না শুধু কাছে।

​কষ্ট বড় একা থাকা, কেমনে রবো তাকে ছাড়া।

চোখের জলে বাঁধ ভেঙেছে, জীবন ছন্নছাড়া।

জোরে কান্নার সাধ থাকিলেও, সাধ্য আমার নাই।

প্রিয় যদি শোনে কান্না, নেই যে কোনো উপায়।

​কেঁদেছে বিশাখা মোর, কেঁদেছে সারা বন।

তোদের দেখি আমার মতো, জলে ভরা নয়ন।

প্রিয় কি একই ভাবে, আমার কথা ভাবছে?

আমার ব্যথায় আকুল হয়ে, সেও কি তবে কাঁদছে?

​মনকে আমি বুঝিয়ে যাই, মন তো বোঝে না।

মনে আমার শুধায় সখি, “তার কথাটা বল না!!!”

তার জন্য মন আমার, কাঁদে বারে বারে।

গভীর মনে ভাবছি প্রিয়, আসবে কি সে ফিরে?

​বিদায় বেলা এসেও যদি, একবার দেখা দিতো।

তবুও তো এই মনে স্বস্তি খানিক পেতো।

কলিজা মোর জ্বলে গেলো, অঙ্গ হলো কালো।

শেষ বিদায়ে এসে তুমি, বেসে যেও ভালো।

Leave a Comment