চাঁদা না পেয়ে রিসোর্ট বন্ধের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

গাজীপুর মহানগরীর টেক কাথোরা এলাকায় রিভেরী রিসোর্টের ফটকের সামনে বালু ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। সেখানে লিখে রাখা হয়েছে রিভেরী রিসোর্টে বন্ধ চাই। গত বৃহস্পতিবারের ছবি।
প্রতিনিধি গাজিপুর।
দাবি করা চাঁদা না পেয়ে গাজীপুর মহানগরীর টেক কাথোরা এলাকার একটি রিসোর্ট বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। গত বুধবার সকালে রিসোর্টের প্রধান ফটকে এক ট্রাক বালু ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয় এবং কর্মকর্তা-কর্মচারীদের হুমকি দেওয়া হয়।
রিসোর্ট বন্ধ করে দেওয়া ও চাঁদার অভিযোগে রিসোর্টের কর্তৃপক্ষ গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কাছে একটি অভিযোগ করেছে। যাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি হলেন মো. রাসেল রানা। তিনি গাজীপুর সিটি করপোরেশনের ২০ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক।
অভিযোগের বিবরণ
- চাঁদার দাবি: টেক কাথোরা এলাকার ‘রিভেরি’ নামের রিসোর্টটির চেয়ারম্যান এহছানুল কাদীর অভিযোগ করেছেন, গত বছরের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর থেকে বিএনপি নেতা রাসেল রানা প্রতি মাসে ৬৫ হাজার টাকা চাঁদা দাবি করে আসছেন।
- হুমকি ও আক্রমণ: রাসেল রানা চাঁদা না দিলে রিসোর্ট বন্ধ করে দেওয়া, ভাঙচুর ও কর্মীদের মারধরের হুমকি দেন।
- ঘটনা: অভিযোগ অনুযায়ী, বিএনপি নেতা রাসেল রানা ভয়ভীতি দেখিয়ে রিসোর্টের ব্যবস্থাপকের কাছ থেকে ৬ হাজার টাকা লুট করে নিয়ে যান। এক ফোনালাপে রাসেলকে বলতে শোনা যায়, “সমাধান না হওয়া পর্যন্ত চেয়ারম্যান রিসোর্টে প্রবেশ করতে পারবে না। এখন থেকে গেস্ট ঢোকানো বন্ধ।”
বিএনপি নেতার অস্বীকার
বিএনপি নেতা রাসেল রানা চাঁদা চাওয়ার বিষয়টি অস্বীকার করে বলেন, ওই রিসোর্টে অবৈধ কাজ হয়, তাই এলাকার লোকজন নিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। গেটের সামনে বালুর বস্তা কে বা কারা ফেলেছেন, তা তিনি জানেন না বলে দাবি করেন।
গাজীপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) সিদ্দিক হোসেন বলেন, তাঁরা অভিযোগ পেয়েছেন এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। রিসোর্ট কর্তৃপক্ষ চালু করতে সাহস পাচ্ছে না।
